পুরোনো সরঞ্জাম দিয়ে মিলনায়তন সংস্কার!
মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদ মিলনায়তন সংস্কার করার পর পুরোনো মালামাল নিলাম হওয়ার কথা ছিল। কিন্তু সেই পুরোনো মালামাল দিয়েই সংশ্লিষ্ট ঠিকাদার মিলনায়তনটি সংস্কার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১৮ আগস্ট উপজেলায় মাইকিং করে এই নিলামের ঘোষণা দেওয়া হয়। পর দিন সকালে নিলামে অংশ নিতে আসা আগ্রহী ব্যবসায়ীরা এসে দেখেন ওই মিলনায়তনের প্রাঙ্গণে পুরোনো মালামাল নেই। পরে ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিলাম স্থগিত করেন। এ ঘটনায় পুরোনো মালামাল দিয়ে মিলনায়তনটি সংস্কার করার বিষয়টি প্রকাশ পায়। সংস্কার কাজের দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান নুসাফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইয়াকুব শিকদার বলেন, ‘রিপেয়ারিং কাজ সাধারণত নতুন-পুরোনো মিলিয়েই করা হয়। শিডিউলে যেখানে যেমন করার কথা ছিল তাই করেছি। নিয়ম অনুযায়ী কাজ করেছি, তাই বিলও পেয়েছি।’নিলামে অংশ নিতে আসা কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, মিলনায়তনের গ্রিল, কাঠের দরজা, হার্ডবোডসহ বিভিন্ন জিনিসপত্র না খুলে তার ওপর দিয়ে রঙ করায় এসব মালামাল নিলামে উপস্থিত করা সম্ভব হয়নি। এ ছাড়া মিলনায়তনের চালার পুরোনো মজবুত টিন প্রকৃত হিসাবে ২৫ বান্ডিলের মতো হলেও নিলাম রাখা ছিল ১২ বান্ডিলের মতো। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারের যোগসাজশে এই ঘটনা ঘটেছে।উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অফিস (এলজিইডি) সূত্রে জানা গেছে, উপজেলা মিলনায়তন সংস্কারের জন্য ১৫ লাখ টাকা বরাদ্দ করা হয়। গত ১ জুন কার্যাদেশ দেওয়া হয় এবং ৩০ জুন এ কাজ শেষ হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি অভিযোগ করেন, কোনো নতুন জানালা লাগানো হয়নি। পুরোনো জানালায় শুধু রঙ লাগানো হয়েছে। দুই-একটি জানালা বাদে বাকি কোনোটিতেই নতুন গ্রিল লাগানো হয়নি। উপজেলা প্রকৌশলী মজিদ মোল্লা জানান, কাজ করলে একটু উনিশ-বিশ হয়। কিন্তু একেবারেই কাজ করা হয়নি, পুরোনো মালামাল দিয়ে কাজ করা হয়েছে, এই অভিযোগ সত্য নয়। পরিত্যক্ত মালামাল না থাকায় নিলাম না হওয়ার বিষয়ে প্রকৌশলী মজিদ মোল্লা বলেন, কাজ করার শ্রমিকেরা কিছু কাঠ পুড়িয়ে ফেলেছে। এগুলো ঠিকাদার দিয়ে দেবেন। টিনসহ অন্যান্য মালামাল সবই আছে, আবার নিলাম ডাকা হবে।