পুরোনো সামগ্রী দিয়ে সড়ক সংস্কার
বগুড়ার গাবতলী উপজেলার তরণীহাট-চন্দনবাইশা সড়কের সংস্কারকাজে পুরোনো উপকরণ ব্যবহার করা হচ্ছে। কাজটিও করা হচ্ছে দায়সারাভাবে। এতে ওই সংস্কারকাজ কোনো কাজে আসবে না বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারাভাবে সংস্কারকাজ করছে। সংস্কারকাজের টাকা আত্মসাৎ করার জন্যই ঠিকাদার কাজে অনিয়ম করছেন।
সড়কের ঠিকাদার বাবলু পুরোনো উপকরণ ব্যবহার করে সড়ক সংস্কারের কথা স্বীকার করে বলেন, দরপত্রে ২ দশমিক ৩ কিলোমিটার সংস্কারকাজের কথা উল্লেখ থাকলেও উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে ১ দশমিক ৭ কিলোমিটার অংশ সংস্কার করতে বলা হয়েছে। দরপত্র অনুযায়ীই এই সংস্কারকাজ করা হচ্ছে। কোনো অনিয়ম করা হচ্ছে না। তিনি বলেন, ‘মেশিন দিয়ে ইট ভাঙার কারণে একটু বেশি গুঁড়া হচ্ছে, তবে যে ইটের খোয়া দেওয়ার কথা ছিল, সেই খোয়াই ব্যবহার করা হচ্ছে।’
গাবতলী উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, গাবতলী উপজেলায় তরনীহাট-চন্দনবাইশা সড়কের ২ দশমিক ৩ কিলোমিটার অংশ পড়েছে। ওই কাজের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৩৪ লাখ টাকা। মেসার্স রহমান ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। প্রতিষ্ঠানটির মালিকের নামই বাবলু।
গাবতলী উপজেলা প্রকৌশলী আক্কাস আলী দাবি করেছেন, এলজিইডি গরিব প্রতিষ্ঠান। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) মতো বিলাসিতা করে কোনো সড়ক খুঁড়ে পুরোনো কার্পেটিং ও ইট-খোয়া ফেলে দেয় না। খরচ সাশ্রয় করতে পুরোনো এসব উপকরণের ওপর খোয়া বিছিয়ে কার্পেটিং করা হয়। তরণীহাট-চন্দনবাইশা সড়কেও সেটাই করা হচ্ছে।
গত রোববার সরেজমিনে দেখা যায়, সংস্কারকাজে পুরোনো উপকরণ এবং নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। সড়কটির তরনীহাট থেকে বাঙ্গালী নদীর ওপর জোড়গাছা সেতু পর্যন্ত কিছু অংশ খুঁড়ে পুরোনো কার্পেটিং ও খোয়া পুনরায় বিছিয়ে দেওয়া হয়েছে। এসব পুরোনো উপকরণের ওপর সামান্য পরিমাণ খোয়া ছিটিয়ে তা রোলার দিয়ে সমান করা হচ্ছে। শ্রমিকেরা জানান, সমান করার পর কার্পেটিং করা হবে।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, দরপত্রে দুই ইঞ্চি উঁচু করে এক নম্বর ইটের খোয়া বিছানোর কথা থাকলেও তা করা হচ্ছে না। যেসব খোয়া দেওয়া হচ্ছে, তার অর্ধেকই ধুলার মতো গুঁড়া। আবার দুই ইঞ্চির জায়গায় আধা ইঞ্চিও খোয়া বিছানো হচ্ছে না।
সোনামোয়া গ্রামের কৃষক শাহেদ জামান বলেন, ‘রাস্তায় উষ্টা খ্যায়া এত দিন হামাকেরে জান বাইর হয়্যা গেচে। একন সেগুলান পুরানা পিচ-খোয়া দিয়্যাই আবার সড়ক বানাচ্চে। উপর থ্যাকে লোক আসপি, ট্যাকা মারে দিবি সব শ্যাষ।’