পুরোনো সীমানাতেই ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো সীমানাতেই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই কোনো ওয়ার্ডই আর ভাঙা হবে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি এ-সংক্রান্ত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন, ২০১০ বিলটি চূড়ান্ত করে গতকাল মঙ্গলবার সংসদে উপস্থাপন করে। আজ বুধবার সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে বিলটি পাস হতে পারে।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনে কমিটির সভাপতি রহমত আলী বিলটি সংসদে উপস্থাপন করেন। এর আগে গতকাল সকালে সংসদ ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির এক জরুরি সভায় বিলটি চূড়ান্ত করা হয়। গত সোমবার স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল, ২০১০ সংসদে উত্থাপন করেন।স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, হুইপ নূর-ই-আলম চৌধুরী, আবুল খায়ের ভূঁইয়া, এ কে এম মোস্তাফিজুর রহমান, মনোয়ার হোসেন চৌধুরী ও মোস্তফা জালাল মহিউদ্দিন বৈঠকে অংশ নেন।প্রস্তাবিত বিলে বলা হয়েছে, বর্তমান আইন অনুসারে সব ওয়ার্ডের ভোটারসংখ্যার পার্থক্য ১০ শতাংশের বেশি-কম হতে পারবে না। এ কারণে ওয়ার্ডের সীমানা নির্ধারণ ছাড়া নির্বাচন করা সম্ভব নয়। কিন্তু ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণ করা হলে দেশের বহুসংখ্যক গ্রাম ও মৌজা ভাঙা-গড়ার প্রয়োজন হবে, যা এলাকাবাসীর কাছে গ্রহণযোগ্য না-ও হতে পারে। এ নিয়ে যেকোনো নাগরিক মামলা করতে পারেন, যার কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রক্রিয়া বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্যই আইনটি সংশোধন করা প্রয়োজন।দেশে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে চার হাজার ১০৫টি পরিষদের মেয়াদ শেষ হয়েছে ২০০৮ সালের জুনে। ২০০৩ সালের ২৫ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত চার হাজার ২২৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়েছিল। স্থানীয় সরকার মন্ত্রণালয় ইতিমধ্যে এসব ইউনিয়ন পরিষদে নির্বাচনের ব্যবস্থা করতে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে।মেয়াদোত্তীর্ণ হওয়ার দীর্ঘদিন পরও এসব ইউপি নির্বাচন না হওয়ায় কাজকর্ম নিয়ে জটিলতা তৈরি হচ্ছে। কারণ মেয়াদোত্তীর্ণ ইউপির প্রতিনিধিরা শুধু দৈনন্দিন কাজ করতে পারেন। প্রসঙ্গত, বর্তমানে ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সংখ্যা প্রায় ৬০ হাজার।