পুরোনো সীমানাতেই পৌর ও ইউপি নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো সীমানাতেই পৌরসভা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য পৌরসভাগুলোর ওয়ার্ডভিত্তিক সীমানা পুনর্নির্ধারণ করতে হবে না। দ্রুততম সময়ে নির্বাচন করতে সরকার এ-সংক্রান্ত আইন দুটি সংশোধনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।গতকাল শনিবার সংসদ ভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ তথ্য জানানো হয়।কমিটির সভাপতি রহমত আলীর সভাপতিত্বে সভায় স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আবুল খায়ের ভূঁইয়া, মনোয়ার হোসেন চৌধুরী ও আশরাফুন নেছা মোশারফ যোগ দেন। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০১০ নিয়ে আলোচনা শেষে আইনটি সংসদে পাঠানোর জন্য চূড়ান্ত করা হয়। সভায় স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০১০ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডের লোকসংখ্যার পার্থক্য ১০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার ভিত্তিতে ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণ করা হলে দেশের বহুসংখ্যক পৌরসভার ওয়ার্ডের সীমানা ভাঙচুর করতে হবে। এ নিয়ে মামলাসংক্রান্ত জটিলতা থেকে নির্বাচন আটকে যেতে পারে। এ জন্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১৬(১) ধারাটি সংশোধন করে নতুন আইন করা প্রয়োজন।মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী চলতি বছরের মধ্যে ২৭২টি পৌরসভার চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে হবে।