পুরোনো সেই গান আর স্লোগান জাগিয়েছে নতুন প্রজন্মকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে/রক্তলাল রক্তলাল রক্তলাল’, ‘তোমার আমার ঠিকানা/পদ্মা মেঘনা যমুনা’, ‘তুমি কে আমি কে?/বাঙালি বাঙালি’—এই গান ও স্লোগানগুলো এ প্রজন্মের কাছে ছিল মূলত মুক্তিযুদ্ধের সময়কার সাদাকালো ফুটেজে দেখা বিষয়। একাত্তরে মুক্তিকামী বাঙালির প্রিয় রণধ্বনি ‘জয় বাংলা’ও নানা কারণে হয়ে পড়েছিল দলীয় রাজনৈতিক পরিচয়ে আবদ্ধ। কিন্তু গণজাগরণ মঞ্চের বদৌলতে এগুলো এখন তরুণদের মুখে মুখে।মুক্তিযুদ্ধসহ এ দেশের মানুষের দ্রোহে-সংগ্রামে উদ্দীপনা জোগানো এসব গান আর স্লোগানে দিন-রাত,সকাল-সন্ধ্যা শাহবাগ চত্বর মুখরিত করে রাখছেন তরুণেরা। পুরোনো স্লোগানের সঙ্গে যোগ হয়েছে নতুন বিচিত্র ধরনের স্লোগান।জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ফাঁসির দাবিতে ১০ দিন ধরে শাহবাগে অবস্থানরত আন্দোলনকারীরা অক্লান্তভাবে স্লোগান দিয়ে চলেছেন। একই সঙ্গে ক্ষণে ক্ষণে বেজে উঠছে পুরোনো দিনের দেশাত্মবোধক গান। যে গানগুলো এই প্রজন্মের কাছে অপরিচিত। গণজাগরণ মঞ্চের আন্দোলন যেন ফিরিয়ে এনেছে ’৫২, ’৬৯ কিংবা একাত্তরের আবহ।শাহবাগের মূল জমায়েতের খানিকটা দূরে মা-বাবা আর খালাতো বোনের সঙ্গে বসে ছিল পঞ্চম শ্রেণীর ছাত্র তানজিল ভূঁইয়া। কখনো মাইকে ভেসে আসা স্লোগানের সঙ্গে তাল মেলাচ্ছিল আবার কখনো বা নিজেই স্লোগান ধরার চেষ্টা করছিল সে। মা লতিফা আক্তার জানালেন, শাহবাগে আন্দোলন শুরু হওয়ার পর থেকেই তাঁর বাড়িতে মিছিল হয় নিয়মিত। টেলিভিশনে শাহবাগের আন্দোলন দেখে তানজিল স্লোগান শিখে নিয়েছে।নতুন স্লোগানগুলোর মধ্যে রয়েছে ‘দড়ি ধরে দেব টান/ফাঁসি দিয়ে নেব জান,’ ‘এমন রায় দিল কে/ কসাইটাকে ঝুলিয়ে দে’, ‘নিজামী-মুজাহিদ ভাই ভাই/এক রশিতে ফাঁসি চাই, ‘জামায়াত-শিবির রাজাকার/ রক্তচোষা জানোয়ার’, ‘আমরা আছি থাকব/সুখে-দুঃখে লড়ব’, ‘মেহেরুন্নেসা ক্ষমা চাই/ফাঁসির কোনো বিকল্প নাই’, ‘এমন রায়ে কাঁদছে চোখ/আমার না হয় ফাঁসি হোক’, ‘এসো ভাই এসো বোন/গড়ে তুলি আন্দোলন’। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের নামের আদ্যক্ষর আর হুমায়ূন আহমেদের বহুব্রীহি নাটকের ‘তুই রাজাকার’ সংলাপের মিশেলে বানানো স্লোগানটি জনপ্রিয়তা পেয়েছে সবচেয়ে বেশি।স্লোগানের পাশাপাশি আন্দোলনকে চাঙা রাখছে পুরোনো দেশাত্মবোধক গানগুলোও। মূল জমায়েতে প্রায়ই বেজে উঠছে ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’, ‘জনতার সংগ্রাম চলবেই’, ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’, ‘মুক্তির মন্দির সোপান তলে’—এসব প্রেরণা জোগানো গান। জাতীয় জাদুঘরের সামনে গানের তালে তালে নাচছিলেন পঞ্চাশোর্ধ্ব এ বি এম সিদ্দিকুর রহমান। বললেন, ‘আমি বয়স্ক মানুষ। কিন্তু আশপাশে তরুণদের নৃত্য আর আবেগ দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না।’