পুরোনো সেতুর অর্ধেক ভাঙার পর কাজ বন্ধ
মেয়াদ শেষ হওয়ার পর দেড় বছর পেরিয়ে গেলেও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার খালিশপুর-ডাকবাংলা-গোপালপুর সড়কের দোড়া গ্রামের দোড়া সেতুর পুনর্নির্মাণের কাজ শেষ হয়নি। পুনর্নির্মাণের জন্য পুরোনো সেতুটি অর্ধেক অংশ ভেঙে ফেলার পর নির্মাণকাজ ফেলে রেখেছেন সংশ্লিষ্ট ঠিকাদার। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী।
ঝিনাইদহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, ২০১১ সালের ১৬ মে ওই সেতুসহ মোট ছয়টি সেতুর নির্মাণ ও পুনর্নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। সব কটি কাজের জন্য মোট ১১ মাস সময় দেওয়া হয়। কিন্তু ঠিকাদার যথা সময়ে সেতুর কাজ শেষ করতে পারেননি। তিনি জানান, কাজের মূল ঠিকাদার শাহীনুর রহমান। দোড়া সেতুর কাজ করছেন তাঁর আত্মীয় আরেক ঠিকাদার আবদুল জলিল। তিনি ঠিক সময়ে কাজ করতে না পেরে সময় বাড়ানোর আবেদন করেছেন।
এলাকাবাসী জানান, পুরোনো সেতুর অর্ধেক অংশ ভেঙে ফেলে রাখায় মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। রাতের অন্ধকারে নবাগত মানুষেরা এই সেতু পার হতে গিয়ে নিচে পড়ে আহত হচ্ছেন। প্রায় ঘটছে দুর্ঘটনা। দোড়া গ্রামের শাহার আলী জানান, দেড় বছর আগে সেতুটির পুনর্নির্মাণের কাজ শুরু করেন ঠিকাদার। তখন পুরোনো সেতুর নিচে ও দুই পাশে এবং মাঝের তিনটি পিলার তিন ফুট উঁচু করে ঢালাই দেওয়া হয়। এরপর কাজ ফেলে রেখে যান ঠিকাদারের লোকজন। তখন পুরোনো সেতুতে কাজ করায় জনগণের চলাচলে তেমন সমস্যা হয়নি। কিন্তু সাত-আট মাস পর ঠিকাদার আবদুল জলিল আবারও লোকজন নিয়ে এসে কাজ শুরু করেন। এবার তিনি পুরোনো সেতুর ওপরের ছাদের অর্ধেক অংশ ভেঙে ফেলেন। পাশাপাশি আগে ঢালাই দেওয়া পিলারগুলোর ওপরে আরও তিন ফুট ঢালাই দেন। ভেঙে ফেলা স্থান ঢালাই না দিয়েই তিনি আবারও কাজ বন্ধ করে দেন। এর পর থেকে এলাকাবাসীর দুর্ভোগ চরম আকার ধারণ করে।
একই গ্রামের গোলাম মোস্তফা জানান, খালিশপুর-ডাকবাংলা সড়কটি তাঁদের এলাকার একটি ব্যস্ত সড়ক। প্রতিনিয়ত ট্রাক-ট্রাক্টরের পাশাপাশি সব ধরনের যান চলাচল করে এই সড়ক দিয়ে। কিন্তু সেতুটি ভাঙা থাকায় এখন কোনো যান চলাচল করতে পারছে না।
এ ব্যাপারে জানতে চাইলে ঠিকাদার আবদুল জলিল বলেন, এলাকায় কাজ করতে যাওয়ার পর তাঁর কাছে চাঁদা চাওয়া হয়েছে। যে কারণে তিনি কাজ ফেলে চলে আসতে বাধ্য হয়েছেন। এ ব্যাপারে ৫ সেপ্টেম্বর তিনি ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অবশ্য এলাকাবাসী চাঁদা চাওয়ার বিষয়টি মিথ্যা বলে দাবি করেছেন। সেতু পুনর্নির্মাণের কাজ দ্রুত শেষ করার ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, ঠিকাদারকে কাজ দ্রুত শেষ করার জন্য চাপ দেওয়া হচ্ছে।