সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশে কয়েকজন পুরোহিতকে হত্যা করা হয়েছে। যারা পুরোহিত ও সেবায়েতকে হত্যা করে, বাড়িঘরে হামলা করে, তারা প্রতিবেশী ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক নষ্ট করতে চায়। তাদের এ হীন মতলব কখনো সফল হবে না।’
গতকাল শুক্রবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। গত সপ্তাহে উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের দুটি মন্দিরের পুরোহিত ও সেবায়েতকে হত্যার হুমকি দিয়ে উড়োচিঠি দেওয়ার পর এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ওবায়দুল কাদের বলেন, দেশকে অস্থিতিশীল করে সরকার হটানোর একটা ষড়যন্ত্র চলছে। আন্দোলন করে যারা ব্যর্থ হয়েছে, নির্বাচনে না গিয়ে যারা ভুল করেছে, তারাই এখন নানা ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীদের সব থলের বিড়াল বেরিয়ে আসছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি মিলন চন্দ্র মজুমদার। বক্তব্য দেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। সভায় উপজেলার প্রায় সব মন্দিরের পুরোহিত ও সেবায়েত এবং মন্দির কমিটির নেতা ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।