পুরোহিত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

পুরোহিত হত্যাসহ সারা দেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে হত্যা ও নির্যাতনের বিচারের দাবিতে গতকাল শনিবার রংপুর ও গাইবান্ধায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
রংপুরে গতকাল বেলা তিনটায় শহরের কাচারি বাজারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের প্রধান সড়কে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। এসব কর্মসূচির আয়োজন করে পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখা। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি রথীশ চন্দ্র ভৌমিক। বক্তব্য দেন বাবন প্রসাদ, বনমালী পাল, প্রশান্ত রায়, পার্থ বোস, তুষার কান্তি মণ্ডল, প্রহলাদ রায় প্রমুখ।
এদিকে গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন হয়। জেলা পুরোহিত কল্যাণ সমিতি ওই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জেলা পুরোহিত কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শংকর চক্রবর্ত্তী ও সাধারণ সম্পাদক উজ্জ্বল চক্রবর্ত্তী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রণজিৎ বকসী ও যুগ্ম সম্পাদক দীপক কুমার রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি পরেশ চন্দ্র সরকার, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মাখন চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক সুজন প্রসাদ প্রমুখ।
বক্তারা ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে ধর্মীয় পুরোহিতদের সতর্কতা অবলম্বন করে চলতে হবে।