ঝিনাইদহে দুর্বৃত্তদের হামলায় নিহত পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলির খুনিদের খুঁজে বের করে দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ ও জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। গতকাল শুক্রবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার করাতিপাড়া গ্রামে নিহত আনন্দ গোপালের বাড়িতে যান প্রতিমন্ত্রী। এ সময় তিনি তাঁর পরিবারের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক দেশ গড়ার। সেই আদর্শে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশে অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নের চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন, তখন স্বাধীনতাবিরোধীরা এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে। এসব করে কোনো লাভ হবে না জানিয়ে তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে শেখ হাসিনা অতীতে যেমন সফল হয়েছেন, ভবিষ্যতেও হবেন। প্রতিমন্ত্রীর সঙ্গে ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের নেতা কনক কান্তি দাস, ঝিনাইদহ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর কুমার সমাদ্দার উপস্থিত ছিলেন। নিহত ব্যক্তির পরিবারকে জেলা প্রশাসন ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হয়।