পুল থেকে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত, ভাতা ৬,০০০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়মিত শিক্ষকদের ছুটিজনিত শূন্যপদে অবশেষে শিক্ষক পুলের জন্য নির্বাচিত প্রার্থীদের অস্থায়ীভাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাঁদের সর্বোচ্চ ছয় মাসের জন্য নিয়োগ করা হবে এবং মাসে সম্মানী ভাতা হবে ছয় হাজার টাকা।
এ জন্য একটি নীতিমালা তৈরি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ৩ এপ্রিল এ বিষয়ে সিদ্ধান্ত হলেও গত সোমবার নীতিমালাটি জারি করা হয়। শিক্ষক পুলের বিষয়ে গত ২৯ মার্চ প্রথম আলোয় ‘মন্ত্রণালয়ের অদক্ষতা, ভুগছেন প্রাথমিক শিক্ষকেরা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, লম্বা ছুটিতে থাকা শিক্ষকদের স্থলে অস্থায়ীভাবে নিয়োগের জন্য ১৫ হাজার ১৯ জন তরুণকে নির্বাচিত করা হয় দুই বছর আগে। কিন্তু এখনো তাঁদের নিয়োগ দেওয়া হয়নি। ইতিমধ্যে তাঁদের চাকরির বয়স শেষ হয়ে গেছে।
‘প্রাথমিক শিক্ষক পুল নীতিমালা-২০১৪’ অনুযায়ী প্রাথমিকভাবে সহকারী শিক্ষক নিয়োগের জন্য ২০১১ সালে নেওয়া পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু নিয়োগ পাননি—শিক্ষক পুলের জন্য নির্বাচিত এমন প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী উপজেলা-থানা পর্যায়ে পুল গঠন করা হবে। পরবর্তী সময়ে অনুষ্ঠেয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নির্বাচিত প্রার্থীদেরও পুলভুক্ত করা যাবে। নিয়োগবিধিতে নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে ন্যাশনাল সার্ভিসের সদস্যদেরও এই পুলে অন্তর্ভুক্ত করা যাবে। তবে পুলে অন্তর্ভুক্ত শিক্ষকের সংখ্যা সারা দেশে সর্বোচ্চ ২০ হাজারের মধ্যে থাকতে হবে।
নীতিমালা অনুযায়ী দেশের প্রতিটি উপজেলা বা থানার জন্য রাজস্ব খাতে সৃষ্ট সহকারী শিক্ষকদের মোট পদের অনধিক ১০ শতাংশ পদের সমন্বয়ে ‘উপজেলা/থানা প্রাথমিক শিক্ষক পুল’ গঠিত হবে। তবে পুলের জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানার বাইরের কোনো প্রার্থীকে বিবেচনায় নেওয়া হবে না।
প্রাথমিক ও গণশিক্ষাসচিব কাজী আখতার হোসেন নীতিমালা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
পাঁচ শর্তে নিয়োগ: পুলভুক্ত শিক্ষকদের নিযুক্তি (নিয়োগ) ও নিয়ন্ত্রণের জন্য প্রতি উপজেলা বা থানায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে তিন সদস্যের কমিটি থাকবে। সিটি করপোরেশন এলাকার জন্য অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা) নেতৃত্বে চার সদস্যের কমিটি থাকবে। কমিটি পুলভুক্ত শিক্ষকদের সাময়িক শূন্যপদে নিযুক্তির সুপারিশ করলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাময়িক শূন্যপদের (নিয়মিত শিক্ষকদের মাতৃত্বকালীন, উচ্চশিক্ষা, প্রশিক্ষণজনিত ছুটি) বিপরীতে নিযুক্ত করবেন।
পুলভুক্ত শিক্ষকদের নিযুক্তির সময় ১৫০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে পাঁচটি শর্তে একটি চুক্তিতে সই করতে হবে। শর্তগুলো হলো সম্মানী ভাতা হবে মাসে ছয় হাজার টাকা, নিয়োগের মেয়াদ হবে ছয় মাস, প্রয়োজনে মেয়াদ নবায়ন করা যাবে। এই নিয়োগ নিয়মিত হবে না এবং এটি স্থায়ী হওয়ার নিশ্চয়তা দেবে না। তাঁরা সরকারি ছুটি ব্যতীত অন্য কোনো প্রকার ছুটি দাবি করতে পারবেন না (তবে অসুস্থতা বা দুর্ঘটনাজনিত কারণে সাত দিন ছুটি নিতে পারবেন) এবং কোনো শিক্ষক কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে তাঁর সম্মানী ভাতা থেকে টাকা কাটা হবে। কেউ অনুমতি ছাড়া একনাগাড়ে সাত দিন অনুপস্থিত থাকলে তাঁর নিয়োগ বাতিল হবে।