পুলভুক্ত আড়াই হাজার শিক্ষককে নিয়োগের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে পুলভুক্ত প্রায় আড়াই হাজার প্রার্থীকে নিয়োগের জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাঁদের নিয়োগ না দিয়ে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে নিষেধ করেছেন আদালত।
এ-সংক্রান্ত ৭২টি রিট আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এই রায় দেন। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম, শেখ মোহাম্মদ মুরশেদ, ছিদ্দিক উল্যাহ মিয়া প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।
জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষাসচিব হুমায়ুন খালিদ প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ৪ আগস্ট ৬১টি জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ওই বিজ্ঞপ্তির বিপরীতে প্রায় ১১ লাখ আবেদন জমা পড়ে। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২০১২ সালের ১২ আগস্ট ২৭ হাজার ৭২০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। তাঁদের মধ্য থেকে ওই সময় ১২ হাজার ৭০১ জনকে নিয়োগ দেওয়া হয়।
আইনজীবী ছিদ্দিক উল্যাহ মিয়া প্রথম আলোকে বলেন, চূড়ান্তভাবে উত্তীর্ণ বাকি ১৫ হাজার ১০৯ জনকে পুলভুক্ত করে ছয় মাস করে অস্থায়ীভাবে নিয়োগ দেয় সরকার। তাঁরা মাসে ছয় হাজার টাকা সম্মানী পান, তাঁদের নিয়োগ সাময়িক, ছুটিসহ অন্য কোনো সুযোগ-সুবিধা নেই। এর মধ্যে ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর নতুন করে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয় সরকার। প্রথমে পুলভুক্ত কয়েকজন শিক্ষক ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। এ ধরনের ৭২টি রিট আবেদন হয়েছে। এসব রিটের আবেদনকারী প্রায় আড়াই হাজার ব্যক্তি।