পুলিশ, প্রকৌশলী, চিকিৎসকেরাও ফেনসিডিলে আসক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজের সর্বত্রই এখন মাদকের ভয়াল থাবা বিস্তৃত হয়েছে। পুলিশ, চিকিৎসক, প্রকৌশলীসহ সমাজের উচ্চপর্যায়ের অনেকেই ফেনসিডিলে আসক্ত হয়ে পড়েছেন। মাদকাসক্ত হওয়ার কারণে রাজধানীর আশপাশের জেলাগুলোয় অপরাধের ভয়াবহতা বাড়ছে।গতকাল বুধবার এক মতবিনিময় সভায় এ কথা বলেছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোখলেসুর রহমান। তিনি বলেন, এখন তরুণ-তরুণীসহ ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যবসায়ীদের অনেকেই এখন ফেনসিডিল, হেরোইন, ইয়াবাসহ নানা ধরনের মাদকের নেশায় আসক্ত। অনেকেই নেশাগ্রস্ত অবস্থায় কর্মস্থলে আসেন। পর্নো সিডি হাটে-মাঠে, বাজারে মুড়িমুড়কির মতো কম দরে বিক্রি হচ্ছে। এগুলো দেখে ছেলেমেয়েরা নানা অসামাজিক কাজে উৎসাহিত হচ্ছে। ডিআইজি বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সমাজ যেমন এগিয়ে যাচ্ছে তেমনি অপরাধেরও বিশ্বায়ন হচ্ছে। সাইবার অপরাধ, মোবাইল ফোনে পর্নোগ্রাফি, ইভ টিজিং, অবৈধ গর্ভপাত, ধর্মীয় মৌলবাদ, বিদেশে চাকরির নামে মানবপাচার, নারীদের পণ্য হিসেবে বিদেশে পাঠানোসহ অপরাধের নতুন নতুন মাত্রা যুক্ত হয়েছে সমাজে। তিনি বলেন, নিত্যনতুন পদ্ধতিতে গজিয়ে ওঠা এসব অপরাধ কীভাবে মোকাবিলা করতে হবে, তা নিয়ে চিন্তা করার সময় এসেছে। পুলিশের একার পক্ষে এসব নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে তিনি গণমাধ্যম, ব্যবসায়ীসমাজ, সাধারণ জনগণ, এনজিও, সামাজিক প্রতিষ্ঠান, নির্বাচিত জনপ্রতিনিধিসহ সবাইকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে আহ্বান জানান।ঈদের সময়ে মহাসড়কে যানজট পরিস্থিতি ও তৈরিপোশাক কারখানার শ্রমিক অসন্তোষ নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা জানাতে গতকাল সেগুনবাগিচায় ডিআইজির কার্যালয়ে এ মতবিনিময় সভা ডাকা হয়। এতে অতিরিক্ত ডিআইজি মিলি বিশ্বাস, ঢাকা জেলা পুলিশ সুপার ইকবাল বাহার, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন, রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট নজরুল ইসলামসহ ঢাকা অঞ্চলের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।