পুলিশ, র‌্যাবের পরিচয়ে টাকা লুটে নিত ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো পুলিশ, কখনো র‌্যাব আবার কখনো জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দারোগা পরিচয় দিয়ে তারা টাকা-পয়সা হাতিয়ে নিত। ব্যাংক থেকে টাকা তোলার পরপরই নানা কৌশলে পিছু নিত তারা। এমন একটি চক্রের ১৬ সদস্যকে গ্রেপ্তার করেছে বগুড়ার পুলিশ। তাদের কাছ থেকে দুটি মাইক্রোবাস ও একটি ব্যক্তিগত গাড়ি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় বগুড়ার পুলিশ সুপার মো. হুমায়ুন কবির তাঁর সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। হুমায়ুন কবির আরও জানান, ৮ জুন বগুড়ার শেরপুরে অগ্রণী ব্যাংকের দুজন কর্মকর্তা ১০ লাখ টাকা তুলে মির্জাপুর শাখায় নিয়ে যাওয়ার সময় বেলা দেড়টার দিকে শেরুয়া বটতলায় লুট করা হয়। ২১ জুন ইসলামী ব্যাংক শেরপুর শাখা থেকে দুই লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথে শেরপুর-ধুনট মোড়ে লুট হয়। পরের দিন নন্দীগ্রাম উপজেলায় ইসলামী ব্যাংক থেকে তোলা তিন লাখ টাকা লুট হয়। এসব ঘটনায় থানায় তিনটি মামলা হয়। তিনি জানান, একদল পুলিশ গত সোমবার রাত থেকে গত মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত বগুড়া, নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে বগুড়া থেকে তিনজন, নাটোর থেকে ছয়জন ও নওগাঁ থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়।সোমবার গভীর রাতে নওগাঁ শহরের যমুনা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহূত একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৩-২৬২৪), দুটি খেলনা পিস্তল ও এক জোড়া হাতকড়া উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো ভোলা জেলা সদরের ধনিয়া গ্রামের সাঈদ হাসান ওরফে রোমান ও উত্তর বাপতা গ্রামের শাহজাহান আলী ওরফে আজাদ, পটুয়াখালীর বরুণবাড়িয়ার শহীদ আহমেদ ওরফে নয়ন, নাটোরের লালপুরের রফিকুল ইসলাম, যশোরের নরেন্দ্রপুরের মো. শামীম, পিরোজপুরের কাউখালী উপজেলার জয়কুল উত্তরপাড়ার নজরুল ইসলাম, বরগুনার তালতলী উপজেলার বেতীপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর। তাদের স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার ভোরে বগুড়ার তিনমাথায় অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলো, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর গ্রামের মো. জুয়েল, নারায়ণগঞ্জের টানবাজারের শুভ সাহা ও বরিশালের উজিরপুর উপজেলার পড়াখোটা গ্রামের সিরাজুল ইসলাম। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী গত মঙ্গলবার সকালে নাটোর শহরের প্রিন্স হোটেল থেকে একটি সাদা রংয়ের মাইক্রোবাস ঢাকা-মেট্রো-১৩-৩৩৯৯ উদ্ধার এবং ওই হোটেল থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো, বরগুনার বেতাগী উপজেলার কাইলকাবাড়ী গ্রামের মো. বেল্লাল, একই জেলার তালতলীর নলবুনিয়া আকন্দবাড়ির সাগর ওরফে ইলিয়াছ, পিরোজপুরের মটবাড়িয়ার শেরের টিকাকাটা গ্রামের সোহরাব ওরফে সোহরাব হোসেন, মাদারীপুরের শিবচরের সাউদ দারচর গ্রামের দুলাল, চাঁদপুরের হাজীগঞ্জের দেবীপুর গ্রামের দুলাল মিয়া ও পিরোজপুরের জিয়ানগর উপজেলার উমেদপুর গ্রামের আলী আকবর। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা সাম্প্রতিক সময়ে বগুড়ায় টাকা লুটের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।