পুলিশ, সাংবাদিক মারধর ও ভাঙচুরের অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৫
কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে মারধর এবং একটি টিভি চ্যানেলের ক্যামেরা ভাঙচুরের অভিযোগে আটক দুই নারীকে ছাড়িয়ে নিতে তাঁদের সহযোগীরা শেরেবাংলা নগর থানায় ভাঙচুর করেছে। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা তিনটার দিকে জাতীয় সংসদ ভবনের পেছনের সড়কে একটি প্রাইভেট কারের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে প্রাইভেট কার থেকে নেমে কেয়া চৌধুরী নামের এক নারী মোটরসাইকেল আরোহীকে চড় মারেন। তিনি আইনসচিবের স্ত্রী হিসেবে পরিচয় দেন। ঘটনাস্থলের কাছে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট মো. আলম প্রতিবাদ করলে তাঁকেও কলার ধরে চড়-থাপড় মারেন কেয়া চৌধুরী ও তাঁর সঙ্গে থাকা আরেক নারী। এ সময় ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় আরটিভির ক্যামেরাম্যান সেই দৃশ্য ধারণ করেন। কেয়া ও তাঁর সঙ্গী তাঁদের ওপরও চড়াও হন। তাঁরা টিভি ক্যামেরা এবং বুম (শব্দধারণ যন্ত্র) কেড়ে নিয়ে আছড়ে ভেঙে ফেলেন। খবর পেয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে কেয়া ও তাঁর সহযোগীকে আটক করে থানায় নিয়ে যায়।কিছুক্ষণের মধ্যেই ১০-১২ জন যুবক কেয়া ও তাঁর সঙ্গীকে ছাড়িয়ে নিতে থানায় যায়। তারা সেখানে আরটিভির ওসমান গনিসহ দুই সাংবাদিককে মারধর করে। একপর্যায়ে তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অপারেশন কর্মকর্তার কক্ষও ভাঙচুর করে। এ সময় ওসি ও অপারেশন কর্মকর্তা উপস্থিত ছিলেন না। খবর পেয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইমাম হোসেন ও থানার ওসি জাকির হোসেন আসেন। এ ব্যাপারে জানতে চাইলে উপকমিশনার ইমাম হোসেন প্রথম আলোকে বলেন, কেয়া চৌধুরী আইনসচিবের স্ত্রী নন। বরং তিনি একজন প্রতারক। তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে দায়ের হওয়া তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। উপকমিশনার বলেন, পুলিশের ওপর হামলা, থানায় ভাঙচুর, সাংবাদিক মারধর ও ক্যামেরা ভাঙচুর এবং মোটরসাইকেল আরোহীকে মারধর করার অভিযোগে তাঁর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় চারটি মামলা হয়েছে। এ ঘটনায় কেয়া চৌধুরীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।