বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টা হরতাল চলাকালে সহিংসতার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে আরও ১৪টি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ প্রায় সাড়ে চার হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের পক্ষ থেকে এসব মামলা করা হয়।
হরতালে সহিংসতায় জড়িত থাকার অভিযোগ এবং নতুন করে নাশকতা সৃষ্টির আশঙ্কায় বিএনপি ও জামায়াত-শিবিরের ৬০ নেতা-কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগ নেতা-কর্মীরা শিবিরের এক কর্মীকে আটকে পুলিশে দেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁদপুর: শহরের পুরানবাজার এলাকায় সোমবার পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে হরতাল-সমর্থকদের সংঘর্ষের ঘটনায় সদর মডেল থানায় তিনটি মামলা হয়েছে। সংঘর্ষের পর পৌর এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
পুলিশের গুলিতে রিফিউজি কলোনির নিহত আরজু হোসেনের (১৪) বাবা মুকবুল হোসেন অজ্ঞাত ৩০০-৪০০ ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন। মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম ও আবু সাইদ বাদী হয়ে অজ্ঞাত ৬০০-৭০০ ব্যক্তিকে আসামি করে আরও দুটি মামলা করেন। সোমবার রাতে এসব মামলা করা হয়। পুলিশ একজনকে আটক করেছে।
আমতলী (বরগুনা): হরতালে পুলিশের কাজে বাধাদান ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়। মামলায় চার শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। সোমবার রাতে যুবলীগ নেতা হান্নান ও আমতলী থানার এসআই মো. ইউসুফ বাদী হয়ে এসব মামলা করেন। গতকাল ওই দুই মামলাসহ ৫৪ ধারায় বিএনপির নয় কর্মীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসআই মো. ইউসুফ উপজেলা বিএনপির সভাপতি মো. জালাল ফকিরকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ১২০ জনের বিরুদ্ধে মামলা করেন।
পটিয়া (চট্টগ্রাম): পটিয়ার শান্তির হাটে সোমবার বিএনপি-জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় পুলিশ দুটি মামলা করেছে। পটিয়া থানার এসআই রাজীব হোসেন দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি এনামুল হকসহ ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত এক হাজার ২০০ থেকে ৩০০ ব্যক্তিকে আসামি করে মামলা করেন। একই ঘটনায় এসআই হুমায়ুন কবির দক্ষিণ জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক রেজাউল করিমসহ ৩১ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আট শতাধিক ব্যক্তিকে আসামি করে আরেকটি মামলা করেন।
নোয়াখালী: চাটখিলে সহিংসতার ঘটনায় এসআই অমিত কুমার বড়ুয়া বাদী হয়ে গতকাল বিএনপি ও জামায়াত-শিবিরের ৭০ নেতা-কর্মীকে আসামি করে মামলা করেন। মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১৪ জনকে। ওসি মো. ইব্রাহিম খলিল বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গজারিয়া (মুন্সিগঞ্জ): আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে দলটির উপজেলা নেতা এ কে এম তৌহিদুল ইসলাম বাদী হয়ে বিএনপির ১২ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করে মামলা করেন। উপজেলা আওয়ামী লীগের আরেক নেতা এ কে এম বাশার ১৯ জনের নাম উল্লেখসহ ২০-২৫ জন অজ্ঞাতব্যক্তিকে আসামি করে আরেকটি মামলা করেন।
ভৈরব (কিশোরগঞ্জ): জেলার কুলিয়ারচর ও ভৈরবে চারটি মামলা হয়েছে। এর মধ্যে কুলিয়ারচরে তিনটি ও ভৈরবে একটি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ এক হাজার ৩৩ জনকে আসামি করা হয়।
গতকাল সকালে কুলিয়ারচর থানার এসআই শাহ আবুল আহাদ সরকারি কাজে বাধাদান ও পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে একটি মামলা করেন। পুলিশের সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগে কুলিয়ারচর থানায় একটি এবং ভৈরব থানায় অন্য মামলাটি হয়। মাহাবুবুর রহমান নামে আওয়ামী লীগের আরেক সমর্থক তাঁকে মারধরের অভিযোগে একটি মামলা করেন।
পাবনা: সাঁথিয়া উপজেলায় সোমবার রাতে পুলিশ জামায়াতের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নন্দনপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আলী মর্তুজা (৩৩), কর্মী আবদুল মজিদ কাজী (২৫) ও হোসেন মোল্লা (৪০)।
গোপালগঞ্জ: হরতালে পিকেটিং করার অভিযোগে ছাত্রদলে দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে শহরের বেদগ্রাম এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এঁরা হলেন লিজন মোল্লা (২২) ও নয়ন তালুকদার (২১)।
পূর্বধলা (নেত্রকোনা): জামায়াত-শিবিরের দুই নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন গোহালাকান্দা ইউনিয়ন জামায়াতের সভাপতি দেলোয়ার হোসেন (৫০) ও উপজেলা শিবিরের কর্মী মাসুম বিল্লাহ। পুলিশ জানায়, নাশকতা সৃষ্টির আশঙ্কায় তাঁদের আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ: জেলার পাঁচ উপজেলায় সোমবার রাতে অভিযান চালিয়ে বিএনপি ও শিবিরের ১৫ কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। নাশকতা সৃষ্টির আশঙ্কায় তাঁদের আটক করা হয়।
ময়মনসিংহ: গৌরীপুর উপজেলায় হরতালে পুলিশের ওপর হামলার চেষ্টার অভিযোগে গতকাল এনামুল হক নামের শিবিরের এক কর্মীকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একই দিন পিকেটিং করার সময় মুক্তাগাছা উপজেলায় বিএনপি ও জামায়াতের চারজন এবং গৌরীপুরে বিএনপির একজনকে আটক করে পুলিশ।
নান্দাইল (ময়মনসিংহ): ঝটিকা মিছিল থেকে গত সোমবার সন্ধ্যায় পৌর জামায়াতের নেতা মো. আবদুল হাকিম ভূঁইয়াকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেন।
পাটগ্রাম (লালমনিরহাট): উপজেলার কাফিরবাজার এলাকা থেকে শিবিরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন ইউনুস আলী (২৩), আবদুল্লাহ আল মামুন (২৩) ও সোহেল রানা (২৪)। অন্যদিকে পাটগ্রাম বাজার থেকে আওয়ামী লীগের কর্মীরা বিএনপির কর্মী সন্দেহে আবদুস সামাদ (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।