পুলিশ-আ.লীগ-বিএনপির ত্রিমুখী সংঘর্ষে আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার শোভনদণ্ডি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী-সমর্থকদের আটকের ঘটনাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার পুলিশ-আওয়ামী লীগ ও বিএনপির ত্রিমুখী সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
কাল শনিবার এই ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল শোভনদণ্ডি ইউনিয়নের হাবাখানা এলাকা থেকে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী সামশুল আলমের তিনজন সমর্থককে আটক করে পুলিশ। এলাকাবাসী পুলিশের কাছ থেকে তাঁদের ছিনিয়ে নেন। এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এতে ৫০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে ও ফাঁকা গুলি ছোড়ে।
বিএনপির প্রার্থী সামশুল আলম বলেন, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে তাঁর সমর্থনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেনের নেতৃত্বে গণসংযোগ চালানো হয়। হাবাখানা এলাকায় গণসংযোগ শেষে তাঁরা চলে যাওয়ার পর বেলা আড়াইটার দিকে ওই এলাকা থেকে পুলিশ কোনো কারণ ছাড়াই তাঁদের কয়েকজন কর্মীকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন পুলিশের কাছ থেকে তাঁদের কেড়ে নেন। এরপর পুলিশ স্থানীয় লোকজনের ওপর হামলা চালায়। তাঁর অভিযোগ, এ সময় আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এহসানের নেতৃত্বে আওয়ামী লীগের কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। আওয়ামী লীগের কর্মীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন। এই ঘটনায় তাঁদের কমপক্ষে ৪০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন।
আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এহসান বলেন, হাবাখানা এলাকায় আসামি ধরতে গেলে বিএনপির প্রার্থী সামশুল আলমের নেতৃত্বে কর্মী-সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালান। ওই সময় ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তাঁর সমর্থকদের ওপরও হামলা চালান বিএনপির কর্মীরা। তবে তিনি এ সময় অন্য এলাকায় গণসংযোগে ব্যস্ত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, আহত ব্যক্তিদের মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত ব্যক্তিদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, আসামি ধরতে অভিযান চালানোর সময় কে বা কারা মাইকে ‘ডাকাত ডাকাত’ বলে প্রচার করে শতাধিক লোক জমায়েত করে। জড়ো হওয়া লোকজন লাঠিসোঁটা ও মরিচের গুঁড়া নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে তিনিসহ পুলিশের তিন সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭০টি ফাঁকা গুলি ছোড়া হয়। তিনি বলেন, ঘটনার সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় আমির হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এ দিকে দৈনিক পূর্বকোণ-এর পটিয়া প্রতিনিধি হারুনুর রশিদ ছিদ্দিকী বলেন, সংঘর্ষের সংবাদ সংগ্রহ করার সময় আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ এহসান তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।
মোহাম্মদ এহসান ফোন না ধরায় অভিযোগ সম্পর্কে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।