পুলিশ আটকে রেখেছে, তবে 'খারাপ ব্যবহার' করেনি

সুন্দরগঞ্জ থানার সামনে লোকজনের ভিড়। বেশির ভাগই নারী, সঙ্গে শিশুরাও আছে। তাঁরা এসেছেন আটক স্বজনদের দেখতে। সুন্দরগঞ্জের (গাইবান্ধা-১) সাংসদ মনজুরুল ইসলাম খুন হওয়ার পরে এই উপজেলা ও পাশের উপজেলা থেকে বেশ কিছু লোকজনকে আটক করেছে পুলিশ। এঁরা তাঁদেরই লোকজন।
এঁদের একজন সেলিনা বেগম বলেন, তাঁর স্বামী গোলাম আজমকে গত রোববার রাতে পুলিশ ধরে এনেছে। তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে তাঁর বিরুদ্ধে কোনো মামলাও ছিল না। তিনি একটি মাদ্রাসার শিক্ষক। তাঁদের বাড়ি ছিচা পাচপীর।
সেলিনা বলেন, স্বামীর সঙ্গে দেখা করার জন্য গতকাল সকাল থেকে অপেক্ষা করে দেখা পেয়েছেন। থানার হাজতেই আছেন। জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক কথা জিগাইছে বলে, তবে পুলিশ কোনো খারাপ ব্যবহার করেনি।’
জেলার পুলিশ সুপার আশরাফুল ইসলাম গত রোববার ১৮ জনকে আটকের কথা জানিয়েছিলেন। এরপর সোমবার আরও ১৫ জনকে আটকের কথা জানায় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিয়ার রহমান। মঙ্গলবার আরও তিনজনকে আটকের কথা জানা গেছে। আটক ও গ্রেপ্তার ব্যক্তিদের বেশির ভাগই জামায়াত-শিবিরের নেতা-কর্মী।
আটক-গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত ১৫ জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে। অন্যদের বিষয়ে পুলিশ সুনির্দিষ্ট তথ্য দেয়নি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁরা আগের নাশকতা মামলার আসামি ও জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগ থাকা লোকজনকে ধরে একটা সূত্র পাওয়ার চেষ্টা করছেন।