পুলিশ আসামিদের তিন মাসেও গ্রেপ্তার করতে পারেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের গোপালপুরে কোরবান আলী হত্যা মামলার আসামিদের পুলিশ দীর্ঘ তিন মাসেও গ্রেপ্তার করতে পারেনি। এলাকার প্রভাবশালী একটি মহল এই মামলার আসামিদের রক্ষার চেষ্টা চালাচ্ছে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গোপালপুর উপজেলার ভোলারপাড়া গ্রামের কোরবান আলী (৭২) তাঁর বাড়িসংলগ্ন রাস্তার পাশে ছোট একটি দোকান করতেন। গত ৯ অক্টোবর রাত নয়টার দিকে ওই দোকানে কোরবান আলীর নাতি রমজান আলী টেলিভিশন দেখছিল। সেখানে উপস্থিত গ্রামের লোকজন টেলিভিশন দেখে হইচই শুরু করলে স্থানীয় সাইফুল ইসলাম এসে টেলিভিশন বন্ধ করতে বলেন। এর প্রতিবাদ করলে সাইফুল ইসলাম এবং তাঁর সঙ্গে আসা আমজাদ আলী ও নাজমুল হক রমজান আলীকে মারধর করতে উদ্যত হন। এ সময় কোরবান আলী নাতি রমজানকে রক্ষা করতে এগিয়ে এলে সাইফুল ও তাঁর সঙ্গীরা তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং লাঠি দিয়ে পেটায়। এতে ঘটনাস্থলেই কোরবান আলীর মৃত্যু হয়।ঘটনার পরদিন নিহত কোরবান আলীর স্ত্রী রহিমা বেগম প্রতিবেশী সাইফুল ইসলাম, আমজাদ আলী ও নাজমুল হককে আসামি করে গোপালপুর থানায় মামলা দায়ের করেন। কোরবান আলীর ছেলে আব্দুর রহিম অভিযোগ করেন, এলাকার একটি প্রভাবশালী মহল হত্যাকারীদের রক্ষার চেষ্টা করছে। মামলার তদন্ত কর্মকর্তা গোপালপুর থানার উপপরিদর্শক (এসআই) গোপালকৃষ্ণ দাস বলেন, পলাতক থাকায় আসামিদের গ্রেপ্তার করা যাচ্ছে না। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।