‘বিকৃত’ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি (পঞ্চম শ্রেণির এক শিশুর আঁকা ছবি) ছাপানোর অভিযোগে বরগুনার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনকে ভোগান্তি করার ঘটনাটিকে নিন্দনীয় ও অগ্রহণযোগ্য বলেছে পুলিশ। তবে তাঁরা দাবি করেছে, পুলিশ ইউএনও তারিককে গ্রেপ্তারও করেনি, হাতকড়াও পরায়নি।
আজ শনিবার পুলিশ কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তি দিয়ে এ কথা বলেছে। সংগঠনটির সাধারণ সম্পাদক ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিত্তিহীন অভিযোগে কর্মরত একজন ইউএনওর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের এবং পরবর্তী সময়ে সংশ্লিষ্ট মহলগুলোর উদাসীনতার কারণে ওই কর্মকর্তাকে যে ভোগান্তির স্বীকার হতে হয়েছে, তা অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। সংগঠনটি ইউএনও তারিক সালমনের প্রতি পূর্ণ সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে এ বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়ার জবাব দেওয়া হয়। সংগঠনটি বলেছে, এ বিষয়ে থানায় মামলা হয়নি এবং পুলিশ তারিক সালমনকে গ্রেপ্তারও করেনি। প্রকৃত তথ্য হলো, কথিত অবমাননার অভিযোগে অভিযোগকারী আদালতে মামলাটি করেন এবং আদালত ইউএনওকে হাজিরের জন্য সমন জারি করেন। সমনের পরিপ্রেক্ষিতে তারিক সালমন আদালতে হাজির হলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করেন। এ ক্ষেত্রে কোনো পর্যায়েই পুলিশের ভূমিকা রাখার অবকাশ ছিল না। পুলিশ তারিক সালমনকে হাতকড়াও পরায়নি। পুলিশ রেগুলেশনের ৩৩০ বিধি অমান্য করে তারিক সালমনের ওপর বল প্রয়োগ করে টেনেহিঁচড়ে কোর্ট হাজতে নিয়ে যাওয়ার অভিযোগও তথ্যনির্ভর নয়।
এদিকে তারিক সালমনের ঘটনা নিয়ে আজ শনিবারও রাজধানীর বিয়ামে বৈঠক করেছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। সেখানে তারিকের সঙ্গে যে ‘বেআইনি’ আচরণ করা হয়েছে, সে বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া এই ঘটনায় বরিশাল ও বরগুনার জেলা প্রশাসকের (ডিসি) ভূমিকা নিয়েও আলোচনা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এই দুই ডিসিকে শিগগিরই প্রত্যাহার করা হতে পারে।