পুলিশ ইনস্টিটিউশনের ছাত্র এক সপ্তাহ ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের দামপাড়া এলাকার চিটাগং পুলিশ ইনস্টিটিউশন বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্র এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। তার নাম মো. ফয়সাল উদ্দিন ওরফে ফরহাদ (১৪)। ১ আগস্ট বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে সে আর ফেরেনি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে নগরের ডবলমুরিং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ নিয়ে ৩ আগস্ট আঞ্চলিক একটি দৈনিকেও নিখোঁজ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ফয়সাল নগরের মনছুরাবাদ এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী মো. সেলিমের ছেলে। তাঁর মুঠোফোনে গত শনিবার একটি খুদে বার্তা পাঠিয়ে ফয়সালের মুক্তিপণ বাবদ দুই লাখ টাকা দাবি করা হয়। পরে ওই মুঠোফোন নম্বরে তিনি যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু কল রিসিভ করলেও কেউ কথা বলে না।

ফয়সালের বাবা মো. সেলিম বলেন, নিখোঁজ হওয়ার দুই দিন পর ৩ আগস্ট দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একটি বাংলালিংক নম্বর থেকে ফোন করে ১৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। দাবিকৃত টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করা হলেও ফয়সালকে ফেরত দেওয়া হয়নি। এরপর দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে শনিবার আবার খুদে বার্তা আসে তাঁর মুঠোফোনে। এতে দাবি করা হয়, ফয়সাল এখন গাজীপুরে রয়েছে।

এক প্রশ্নের জবাবে মো. সেলিম বলেন, নিখোঁজ হওয়ার তিন দিন আগে গত ২৯ জুলাই ফয়সাল বিদ্যালয়ের সামনে জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে অংশ নেয়। ৩ আগস্ট ঢাকার সাভারে একটি টমটম গাড়ি থেকে ফয়সালের সঙ্গে থাকা বিদ্যালয়ের ডায়েরি ও দুটি বই পাওয়া যায়। ডায়েরিতে নম্বর দেখে বিষয়টি তাঁকে জানান টমটমচালক হাসান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মারুফ হোসেন বলেন, সাভারের এক টমটমচালকের মাধ্যমে ফয়সালের বই পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ছেলেটিকে উদ্ধারের চেষ্টা চলছে।