পুলিশ একাডেমি হাসপাতাল চলে একজন চিকিৎসকে
রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৭৫ শয্যার হাসপাতাল চালাচ্ছেন একজন চিকিৎসক। অথচ এই হাসপাতালে চিকিৎসকের পদ ১৪টি। প্রতিদিন বহির্বিভাগে আড়াই শ থেকে তিন শ রোগী দেখতে হয় একজন চিকিৎসককে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ১ জুলাই ৭৫ শয্যার এই হাসপাতালের যাত্রা শুরু। এখানে ১৪ জন চিকিৎসকসহ ৫৪ জন কর্মকর্তা-কর্মচারীর পদ আছে। এর মধ্যে কর্মরত আছেন ৩২ জন। ১৪ জন চিকিৎসকের মধ্যে বর্তমানে সূফি মো. খালিদ বিন লুৎফর নামের একজন চিকিৎসক আছেন। ৩ ডিসেম্বর হাসপাতালে গিয়ে জানা যায়, তিনি ছুটিতে। ওই দিন ফার্মাসিস্ট এ কে এম লিয়াকত হোসেন বহির্বিভাগে চিকিৎসা দিচ্ছিলেন। জানতে চাইলে বলেন, তিনি শুধু প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। জরুরি রোগীদের রাজশাহী মেডিকেলে পাঠাচ্ছেন। অন্তর্বিভাগেও আটজন রোগী চিকিৎসাধীন। হাসপাতাল সূত্র জানায়, তত্ত্বাবধায়ক পদ শুরু থেকেই ভারপ্রাপ্ত দিয়ে চলছে। অন্যান্য পদে নিয়োগ পাওয়া ব্যক্তিরা বদলি হয়ে অন্যত্র চলে যান। বছর তিনেক আগে দুজন মহিলা চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়েছিল। তাঁরা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে প্রেষণে আছেন। এরপর থেকে একজন আসেন একজন যান, এভাবেই একজন চিকিৎসক দিয়ে চলছে হাসপাতাল। সূত্র আরও জানায়, হাসপাতালে অন্তর্বিভাগে সব সময়ই রোগী থাকে। বহির্বিভাগে দিনে আড়াই শ থেকে তিন শ রোগী আসে। এ ছাড়া একাডেমিতে সব সময় থাকা অন্তত দুই হাজার প্রশিক্ষণার্থীর চিকিৎসার বিষয়টি তো আছেই। এদিকে নিয়মিত বেতন-ভাতা না পাওয়ায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের কষ্টে দিন কাটাতে হচ্ছে। পুলিশ একাডেমির অধ্যক্ষ আমিনুল ইসলাম এসব সমস্যার কথা স্বীকার করে বলেন, পুলিশ একাডেমি একটি ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র। এখানকার হাসপাতালে চিকিৎসক চেয়ে বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। মানবিক কারণে এখানে চিকিৎসক দেওয়া জরুরি।