সংবাদ সম্মেলন শেষ। চলছে খানাপিনার আয়োজন। এমন সময় পুলিশ এসে জানাল, অনুমতি না থাকায় এক্ষুনি মিলনায়তন ছাড়তে হবে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির একাংশের সংবাদ সম্মেলনের শেষ মুহূর্তে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার দুপুরে লালখান বাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিএনপির একটি সূত্র জানায়, নগরের পাঁচলাইশ থানার একটি কমিউনিটি সেন্টারে উত্তর জেলা বিএনপির একাংশের উদ্যোগে গতকাল যৌথ প্রতিনিধি সভা হওয়ার কথা ছিল। পুলিশ প্রথমে অনুমতি দিলেও সোমবার তা বাতিল করে। এ ঘটনার প্রতিবাদ জানাতেই গতকাল সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপির নেতারা জানান, পুলিশ এসে জানতে চায়, সংবাদ সম্মেলন করার আগে পুলিশের অনুমতি নেওয়া হয়েছে কি না। জ্যেষ্ঠ নেতারা এ সময় বলেন, সংবাদ সম্মেলন করতে কী অনুমতি লাগে? তখন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, ‘আপনারা অনুমতি নেননি। তাই জায়গা খালি করে চলে যান।’
এ সময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, সাবেক সহসভাপতি এস এম ফজলুল হক, সাবেক অর্থ সম্পাদক ছালামত আলী ও হাটহাজারী উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম আপ্যায়ন না করেই হোটেল ছেড়ে যান।
গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘সংবাদ সম্মেলন করতে পুলিশের অনুমতি নিতে হয়—এমন কথা শুনিনি। আমাদেরকে যৌথ প্রতিনিধি সভা করতে না দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ডেকেছিলাম। সেখানে পুলিশ এসে আমাদের চলে যেতে বলে। তাই আমরা চলে যাই।’
এ বিষয়ে হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘সংবাদ সম্মেলনস্থলে ফৌজদারি মামলার আসামি ছিল। এমন তথ্য পেয়ে আমরা সেখানে যাই। কিন্তু সেখানে কাউকে পাইনি।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান উত্তর জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবদুল্লাহ আল হাসান। এ সময় পুলিশের সমালোচনা করে বলা হয়, প্রতিনিধি সভার সব প্রস্তুতি শেষ করার পর পুলিশ অনুমতি বাতিল করে। এ ধরনের আচরণ অগণতান্ত্রিক।
নেতা-কর্মীরা বলছেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিতে দুটি ধারা রয়েছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন সাবেক সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। আরেক পক্ষের নেতৃত্বে আছেন উত্তর জেলার বর্তমান আহ্বায়ক আসলাম চৌধুরী।
আহ্বায়কের নেতৃত্বে সভা: চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীর নেতৃত্বে দলীয় কার্যালয় নাসিমন ভবনে পৃথক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই সভা চলে। এতে উত্তর জেলার সাতটি উপজেলা ও পৌরসভার নেতারা অংশ নেন।
সভায় আসলাম চৌধুরী বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে কেউ অংশ নেয়নি। তাই এই সরকার অবৈধ। জনগণের অংশগ্রহণে আরেকটি নির্বাচনের দাবিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কেন্দ্র থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে, তা বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।’