সিলেটের বিশ্বনাথে ২৩ এপ্রিল হরতাল চলাকালে রিকশাচালক জাকির হোসেন (২৮) নিহত হওয়ার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ছয় পুলিশ ও আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে।জাকিরের মা রহিমা বেগম বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সিলেটের জ্যেষ্ঠ হাকিম আদালতে এ মামলা করেন। মামলাটি নথিভুক্ত করে জ্যেষ্ঠ হাকিম মোয়াজ্জেম হোসেন গতকাল এক আদেশে অভিযোগের তদন্ত করার জন্য বিশ্বনাথ থানাকে নির্দেশ দিয়েছেন। মামলায় বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, ওসি (তদন্ত) চাঁন মিয়া, উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম, দেব দুলাল ধর, এনাম আহমদ, মনোজ কান্তি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলতাব আলী, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিনসহ মোট ৩৫৬ জনকে আসামি করা হয়েছে।মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, জাকির পেশায় রিকশাচালক হলেও উপজেলা শ্রমিক দলের একজন কর্মী ছিলেন। গত ১৭ এপ্রিল এম ইলিয়াস আলী নিখোঁজের ঘটনা শুনে জাকির মর্মাহত ও ক্ষুব্ধ হন। ২৩ এপ্রিল বিশ্বনাথে হরতাল চলাকালে বিক্ষোভে জাকির অংশ নিলে পুলিশ তাঁকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় জাকিরকে আটক করে হরতালের বিরোধিতাকারী আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মারধর করেন। আহত অবস্থায় জাকিরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২৫ এপ্রিল ভোর রাতে তিনি মারা যান। এ ঘটনার পর পরিস্থিতির কারণে মামলা করতে দেরি হয়েছে জানিয়ে রহিমা বেগম সাংবাদিকদের জানান, তাঁরা বিশ্বনাথে বসবাস করলেও ঘটনার পর থেকে তাঁদের স্থায়ী নিবাস সুনামগঞ্জের দোয়ারাবাজারে চলে যান। এ জন্য মামলা করতে দেরি হয়। মামলার ব্যাপারে যোগাযোগ করলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, ‘লোকমুখে মামলার কথা শুনেছি। তবে আদালত থেকে কোনো কপি না পেয়ে এ বিষয়ে কোনো মন্তব্য করব না।’ উল্লেখ্য, ২৩ এপ্রিল হরতাল চলাকালে সংঘর্ষে জাকিরকে মারধর করার একাধিক ছবিসহ প্রথম আলোয় ২৪ এপ্রিল ‘একজন জাকিরকে গুলি, পিটুনি ও আর্তনাদ’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।