ভোলায় সাংবাদিকদের দায়িত্ব পালনে পুলিশি বাধা, গালমন্দ করাসহ শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল রোববার ভোলা প্রেসক্লাবে এক সভা হয়েছে। এতে সাংবাদিকদের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত জেলা প্রশাসন, পুলিশ ও আওয়ামী লীগের ইতিবাচক সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার সিদ্ধান্তও নেওয়া হয়।প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামানের বিভিন্ন সময়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের বর্ণনা তুলে ধরা হয়। এ ছাড়া গত শনিবার রাতে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় সাংবাদিকদের সঙ্গে পুলিশের খারাপ আচরণেরও তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিচার দাবি করেন তাঁরা। প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুকুর রহমান, বিটিভির প্রতিনিধি আবু তাহের, প্রেসক্লাবের সম্পাদক সামস উল আলম প্রমুখ।