পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরকে মারধরের অভিযোগে চট্টগ্রামের চন্দনাইশ থানার দুই পুলিশ ও তিন আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। চাঁদা দাবি করে টাকা না পাওয়ায় এই কাউন্সিলরকে মারধর করা হয় বলে আরজিতে অভিযোগ করা হয়েছে।চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম নুরুল ইসলাম ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য চন্দনাইশ উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দেন।আদালত সূত্র জানায়, মামলার বাদীর নাম মো. রবিউল হোসেন। তিনি চন্দনাইশ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর। রবিউল চন্দনাইশ থানার এএসআই মিন্টু মিয়া ও কনস্টেবল মো. দেলোয়ার এবং একই থানায় কর্মরত তিন আনসার বীরেন্দ্র, মধু ও মো. আকতার হোসেনের বিরুদ্ধে মারধর ও চাঁদা দাবির অভিযোগ করেন।আগামী ৮ মার্চ প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।মামলার আরজিতে বলা হয়, গত ২৭ ডিসেম্বর রবিউলের চাচাতো ভাই জহির আহমদের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে পুলিশ ও আনসার সদস্যরা। চাঁদা না দেওয়ায় প্রথমে জহিরকে এবং পরে রবিউলকে মারধর করা হয়।