পুলিশ ও কারা কর্তৃপক্ষের উদাসীনতা দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ ও কারা কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও উদাসীনতার কারণে ময়মনসিংহের ত্রিশালে পুলিশকে খুন করে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত ২৩ ফেব্রুয়ারি ওই ঘটনার তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটির প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। খবর ইউএনবির।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজিমুদ্দিন চৌধুরীর নেতৃত্বে গঠিত চার সদস্যের কমিটি গতকাল রোববার বিকেলে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সি কিউ কে মুসতাকের কাছে তদন্ত প্রতিবেদনটি জমা দেন। মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা জানিয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন উপসচিব খায়রুল কবির মেনন, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান ও ডিআইজি (প্রিজন) টিপু সুলতান।
এ ঘটনায় দুটি কমিটি গঠন করা হয়েছিল। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে গঠিত তিন সদস্যের অপর কমিটির প্রধান করা হয় অপরাধ তদন্ত বিভাগের উপপরিচালক (চলতি দায়িত্বে) সাইফুল আলমকে। অন্য দুজন সদস্য হলেন অতিরিক্ত ডিআইজি (ঢাকা রেঞ্জ) খন্দকার গোলাম ফারুক ও এআইজি (অপরাধ-পূর্ব) মো. আবদুল আলীম মাহমুদ।
গত ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে নজিরবিহীন এক ঘটনায় তিন জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার পর গঠিত উভয় কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। সেদিন জেএমবির তিন জঙ্গিকে একটি মামলার হাজিরা দিতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহের আদালতে নেওয়া হচ্ছিল। পথে ত্রিশালে দুটি গাড়িতে এসে একটি সংঘবদ্ধ দল পুলিশের প্রিজন ভ্যানে বোমা মেরে ওই তিন জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যায়।