পুলিশ ও ছাত্রদলের সংঘর্ষ গুলিবিদ্ধসহ আহত ৩০
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। ছাত্রদলের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ ছাত্রদলের তিন কর্মীকে আটক করে।
গতকাল রোববার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত বসুরহাট বাজারের বিভিন্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগান থেকে ৫৮টি এবং চায়নিজ রাইফেল থেকে সাতটি গুলি এবং নয়টি গ্যাসগান নিক্ষেপ করে।
এসব ঘটনায় পুলিশের দুই কনস্টেবল, এক আনসার সদস্য, সাংবাদিক আনোয়ার তোহাসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুলিতে ছাত্রদলের ১৯ জন আহত হয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রদলের কর্মীরা দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং অবরোধের সমর্থনে বসুরহাট বাজারে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাজারের কালামিয়া ম্যানশন অতিক্রমকালে পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটলে পুলিশ মিছিলকারীদের ধাওয়া ও লাঠিপেটা করলে সংঘর্ষ শুরু হয়।
একপর্যায়ে পুলিশ শটগান থেকে গুলি ছুড়লে সংঘর্ষ আরও ব্যাপক আকার ধারণ করে। বসুরহাট জিরো পয়েন্টে, ইসলামী ব্যাংকের সামনে ও সিনেমা হল সড়কে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ছাত্রদলের কর্মীরা এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি বেশকিছু ককটেল বিস্ফোরণ ঘটান এবং কয়েকটি দোকানে হামলা-ভাঙচুর চালান। একটা পর্যন্ত বিক্ষিপ্তভাবে দফায় দফায় এ সংঘর্ষ চলে। এ সময় বসুরহাট বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীরা নিরাপদ আশ্রয়ের জন্য দিগ্বিদিক ছোটাছুটি করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান বলেন, ছাত্রদলের কর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় কোনো কারণ ছাড়াই পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে পুলিশ ধাওয়া করে। এরপর সংঘর্ষ বেধে যায়।
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নিষ্কৃতি চাকমা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬৫টি গুলি এবং নয়টি গ্যাসগান ছোড়ে। উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম বলেন, পুলিশ ছাত্রদলের মিছিলে বিনা উসকানিতে হামলা ও গুলি চালিয়েছে।