পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘আমরা (পুলিশ) জনগণের সেবক, জনগণের ওপর মাতব্বরি করার কোনো অধিকার আমাদের নাই। পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব ঘোচাতে হবে, দুই পক্ষের মধ্যে আস্থার পরিবেশ তৈরি করতে হবে।’
গতকাল শনিবার সিলেট নগরের পুলিশ লাইনসে জেলা কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সিলেট জেলা পুলিশের উদ্যোগে শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজ থেকে বাল্যবিবাহ, মাদক নির্মূল, ইভ টিজিং ও পারিবারিক সহিংসতা রোধে আইজিপি কমিউনিটি পুলিশিং ব্যবস্থা সর্বস্তরে প্রচলনের ব্যাপারে পরামর্শ দেন তিনি। এর আগে আইজিপি পুলিশ লাইনসে দেড় হাজার আসনবিশিষ্ট শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনের উদ্বোধন করেন।
আইজিপি বলেন, ‘কমিউনিটি পুলিশিং সম্পর্কে যে ওসির (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আগ্রহ নাই, যে ওসি কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যকে মূল্যায়ন করবে না, তার ওসি থাকার অধিকার নাই। এমনটি হলে আপনারা (কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য) এসপিকে জানাবেন, তিনি ব্যবস্থা নেবেন। তবে কমিউনিটি পুলিশিং কমিটির সুযোগ নিয়ে কেউ যেন দালালি করতে না পারে, সেটাও ওসিকে লক্ষ্য রাখতে হবে।’
সমাবেশে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, মুক্তিযুদ্ধে শহীদ সিলেটের তৎকালীন পুলিশ সুপার এম শামসুল হকের স্ত্রী মাহমুদা হক প্রমুখ। স্বাগত বক্তব্য দেন জেলা পুলিশ সুপার নূরে আলম।