পুলিশ ও ডাকাতের 'কানামাছি' খেলা
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের জগন্নাথপুর মহল্লায় গত রোববার গভীর রাতে এক বাড়িতে ডাকাতি হওয়ার খবর শুনে পুলিশ ছুটে আসে৷ পুলিশ আসার পরই ওই মহল্লার আরেকটি বাড়িতে ডাকাতি হয়৷ পুলিশ ছুটে যায় সেখানে৷ সেখানে গিয়ে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি৷ উপরন্তু আরও এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে৷
রোববার দিবাগত রাত সোয়া একটা থেকে আড়াইটা পর্যন্ত জগন্নাথপুর মহল্লার খোকন মাহমুদ, জিল্লুর রহমান ও ফরহাদ মিয়ার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে৷ তাঁরা দাবি করেন, ডাকাতেরা তাঁদের বাড়ি থেকে সাত লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা জানান, রাত সোয়া একটার দিকে একদল ডাকাত প্রথমে জিল্লুর রহমানের বাড়িতে ঢুকে তাঁর পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে রেখে ৮০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার ও চারটি মুঠোফোন নিয়ে যায়। খবর পেয়ে তাঁর বাড়িতে পুলিশ আসে পৌনে দুইটার দিকে। ওই সময় ডাকাতেরা জিল্লুরের বাড়ি থেকে ৫০০ গজ দূরে ফরহাদ মিয়ার বাড়িতে হানা দেয়। তারা ওই বাড়ি থেকে ১০ হাজার টাকা ও দুটি মুঠোফোন নিয়ে যায়।
ফরহাদ মিয়ার বাড়িতে ডাকাতির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এবার ডাকাত দলটি হানা দেয় জিল্লুর রহমানের ছোট ভাই খোকন মাহমুদের বাড়িতে৷
খোকন মাহমুদের স্ত্রী ফারজানা রহমান বলেন, ‘ডাকাতি হওয়ার কথা শুনে আমার স্বামী জিল্লুরদের ঘরে যান। কিছুক্ষণ পর ডাকাতেরা আমাদের ঘরে এসে ৮২ হাজার টাকাসহ মালামাল নিয়ে যায়। ডাকাতেরা চলে যাওয়ার সময় বাড়ির সামনে আমার স্বামীকে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।’ ভৈরব থানার উপপিরদর্শক হুমায়ন কবীর বলেন, জিল্লুর রহমানের বাড়িতে ডাকাতির খবর শুনে পুলিশ পৌনে দুইটার দিকে সেখানে যায়৷ ওই সময় ফরহাদ মিয়ার বাড়িতে ডাকাতি হওয়ার খবর জানতে পেরে পুলিশ সেখানে যায়৷ এ সুযোগে ডাকাতেরা খোকন মাহমুদের বাড়িতে হানা দেয়৷
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ বলেন, ডাকাতদের ধরতে পুলিশের একাধিক দল মাঠে আছে।