যুবলীগের কেন্দ্রীয় নেতা এনায়েত কবির চঞ্চল (৪৮) নিজের লাইসেন্স করা পিস্তলের গুলিতে মারা গেছেন। তাঁর লাশ গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডির বাড়ির নিচতলার টয়লেট থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ ও পরিবার জানিয়েছে, বিষণ্নতার কারণে তিনি আত্মহত্যা করেছেন।
পুলিশ এনায়েতের পকেট থেকে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা চিরকুট এবং তাঁর পিস্তল জব্দ করেছে।
এনায়েত যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং এলিফ্যান্ট রোডে অবস্থিত ইস্টার্ন মল্লিকা মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি ছিলেন। ধানমন্ডির ১ নম্বর সড়কের ৩৯ নম্বর বাড়ির পাঁচতলায় পাশাপাশি দুটি ফ্ল্যাটের মালিক ছিলেন তিনি। একটিতে তাঁর বাবা, অন্যটিতে তিনি স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে থাকতেন। ওই বাড়ির নিচতলায় চালকদের টয়লেট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
বাড়িটির নিরাপত্তাকর্মী জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, সকাল ১০টার দিকে এনায়েত কবির বাড়ির বাইরে গেলেও মিনিট দশেক পর ফিরে আসেন। নিচতলার গ্যারেজের পেছনে গাড়ির চালকদের একটি টয়লেট এক ঘণ্টা ধরে ভেতর থেকে সিটকিনি লাগানো থাকায় তাঁদের সন্দেহ হয়। এরপর ধানমন্ডি থানায় খবর দেওয়া হয়।
পুলিশ গিয়ে এনায়েতের প্যান্টের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করে। চিরকুটে লেখা ছিল, ‘এসি রেজাউল ভাই, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার লাশ পোস্টমর্টেম ছাড়াই দাফনের জন্য অনুরোধ করছি।’
এনায়েত কবিরের বাবা গিটারবাদক এনামুল কবির স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যন্ত্রশিল্পী। তিনি বলেন, চিরকুটের লেখাগুলো এনায়েতের। গত ১৪ ফেব্রুয়ারি মায়ের মৃত্যুর পর থেকে এনায়েত বিষণ্ণতায় ভুগছিল। সারাক্ষণ মায়ের স্মৃতিচারণা করত। ঠিকমতো খাওয়া-দাওয়া করত না। প্রয়োজন না হলে বাসা থেকে বের হতো না। তাকে মনোরোগ বিশেষজ্ঞকেও দেখানো হয়।
পুলিশের ধানমন্ডি বিভাগের সহকারী কমিশনার (এসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, এনায়েত তাঁর দীর্ঘদিনের বন্ধু। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনাটি আত্মহত্যা। সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (আবদুল বাতেন) লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দিয়েছেন। ঘটনার ব্যাপারে ধানমন্ডি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
স্বজনেরা জানান, এ মৃত্যু নিয়ে পরিবারের কারও অভিযোগ না থাকায় পুলিশের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। এনায়েতের গ্রামের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার ডুমুরিয়ায়।
নড়াইল প্রতিনিধি জানান, এনায়েতের মৃত্যুকে রহস্যজনক দাবি করে প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান।