পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের গরঘাটা এলাকায় গতকাল রোববার দুপুরে পুলিশ আখি আক্তার নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে। সে ইউনিয়নের চরখালী রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। পুলিশ এ ঘটনায় আ. রব শেখ (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে।গরঘাটা এলাকার মনোরঞ্জন জানান, শ্রমজীবী আ. কাদের শেখের মেয়ে আখি আক্তার গত বুধবার বাড়ি থেকে খেলতে গিয়ে নিখোঁজ হয়। আখির ভাই বাবুল শেখ বলেন, ‘স্থানীয় এক কৃষক একই এলাকার লুৎফর রহমানের বাগানের মধ্যে লাশ দেখতে পেয়ে পুলিশ ও আমাদের খবর দেন। আমরা গিয়ে লাশ শনাক্ত করি। আমাদের ধারণা, আখিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।’নাজিরপুর থানার উপপরিদর্শক তৌহিদুর রহমান জানান, লাশের মুখের ভেতরে মাটি দেওয়া ছিল। গলায় ও গালে জখম পাওয়া গেছে। তিনি আরও বলেন, এ ঘটনায় বাবুল শেখ বাদী হয়ে একই এলাকার আ. রব (২৫) নামে একজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।