পুলিশ ও প্রতিপক্ষের হামলায় কালকিনিতে আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলায় শনিবার প্রতিপক্ষ ও পুলিশের হামলায় এক কলেজছাত্রসহ ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে প্রতিপক্ষের লোকজন একজনের পায়ের রগ কেটে দিয়েছে। পুলিশ তল্লাশির নামে দুজনের বাড়ি থেকে ৬০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।হামলায় আহত ছয়জন হলেন: ইঁচাগুড়া গ্রামের হোচেন মল্লিকের (৫৫), শানজানা (২৫), শাহিনা বেগম (৫০), বাঘাকান্দি গ্রামের লোকমান খাঁর স্ত্রী রেহানা (৪৫), ছেলে কলেজছাত্র রাজিব খাঁ (২০) ও নুরু খাঁর স্ত্রী জাহানারা বেগম (৫০)। ভুক্তভোগী ও কালকিনি থানা সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার ইঁচাগুড়া গ্রামের মজিদ শিকদার ও চুন্নু বেপারির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার সকাল সাতটায় চুন্নু বেপারীর সমর্থকেরা হামলা চালিয়ে মজিদ শিকদারের সমর্থক হোচেন মল্লিকের পায়ের রগ কেটে দেয়। এ সময় শানজানা ও শাহিনা বেগম আহত হন। পরে তারা ১৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। খবর পেয়ে কালকিনি থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘর ভাঙচুর ও লাঠিপেটা করে। এ সময় মজিদ শিকদারের সমর্থক পাশের বাঘাকান্দি গ্রামের রেহানা, রাজিব খাঁ ও জাহানারা বেগমসহ বেশ কয়েকজন ইঁচাগুড়া গ্রামে আসে। তখন লাঠিপেটায় রেহানা, রাজিব ও জাহানারা আহত হন। পরে পুলিশ তল্লাশির নামে নুরু খাঁর ঘর থেকে ৫০ হাজার ও তাঁর ছেলে রাসেলের ঘর থেকে ১০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।চুন্নু বেপারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তল্লাশি চালিয়েছে। পুলিশ কারও ঘর ভাঙচুর করেনি এবং টাকাপয়সা নেয়নি। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।