পুলিশ ও বাসশ্রমিক সংঘর্ষে পুলিশসহ আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী শহরের নতুন বাজার বাসস্ট্যান্ডে বাসশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গতকাল বুধবার সকাল সাড়ে আটটায় চার পুলিশসহ ১২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে সিভিল পোশাকে পুলিশ সদস্য আলহাজ হোসেন তাঁর সহকর্মী আল হাফিজকে বাসে তুলে দিতে নতুন বাজার বাসস্ট্যান্ডে যান। এ সময় রমজান আলী শেখের দোকানের সামনে ব্যাগ রাখাকে কেন্দ্র করে বাগিবতণ্ডার একপর্যায়ে কয়েকজন বাসশ্রমিক তাঁদের মারধর করেন। এরপর পুলিশ লাইন থেকে পুলিশ এসে লাঠিচার্জ শুরু করে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ ১২ জন আহত হন। আহতদের মধ্যে পাঁচজনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব রহমান জানান, দোকানের সামনে দাঁড়িয়ে থাকাকে কেন্দ্র করে পুলিশকে মারধর করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।