পুলিশ ও বিচার বিভাগ সম্পর্কে টিআইবির প্রতিবেদন সঠিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বিচার বিভাগ ও পুলিশ বাহিনীর দুর্নীতি সম্পর্কে যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এবং ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনার বেনজীর আহমেদ। পৃথক অনুষ্ঠানে তাঁরা টিআইবির প্রতিবেদনের বিরুদ্ধে সমালোচনা করেন। তবে শিক্ষা বিভাগে অনিয়ম ও দুর্নীতি কমে আসা সম্পর্কে টিআইবির প্রতিবেদন যথার্থ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম অভিযোগ করেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার জন্য যারা ষড়যন্ত্র করছে, টিআইবি পরোক্ষভাবে তাদের পক্ষেই আছে। বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করা এবং সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিচার বিভাগে নিম্ন বেতনভুক কিছু কর্মচারী থাকতে পারে, যারা হয়তো ফাইল বুঝিয়ে দেওয়ার জন্য পাঁচ, দশ বা কুড়ি টাকা উৎকোচ নিতে পারে। কিন্তু তারা ঢালাওভাবে বিচার বিভাগকে যেভাবে দোষারোপ করেছে, বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য যেভাবে চেষ্টা চালিয়েছে, আমি মনে করি, আমাদের বিচার বিভাগকে এই মুহূর্তে প্রশ্নবিদ্ধ করতে এটা একটা ষড়যন্ত্র।’একই অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘আমরা বিভিন্ন ধরনের আবর্জনা পরিষ্কার করে যখন সামনের দিকে অগ্রসর হচ্ছি, তখন কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাইছি, টিআইবির ওই রিপোর্ট সেই ষড়যন্ত্রেরই একটি অংশ।’পুলিশের প্রতিক্রিয়া: টিআইবির প্রতিবেদনকে ‘অনুমাননির্ভর’ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনার বেনজীর আহমেদ। গতকাল মহানগর পুলিশ সদর দপ্তরে ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এ-জাতীয় প্রতিবেদন অনুমানভিত্তিক না করে গবেষণাভিত্তিক হওয়া উচিত। জরিপকারীদের প্রক্রিয়াগত ত্রুটি রয়েছে। বেনজীর আহমেদ বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ৯ ডিসেম্বর পুলিশকে দুর্নীতির শীর্ষে দেখিয়েছে। ২৩ ডিসেম্বর নতুন প্রতিবেদনে দ্বিতীয় দেখানোয় আনন্দের কিছু নেই। কয়েক দিন পর হয়তো আর কাউকে শীর্ষ দেখাবে। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের পুলিশ সদস্যরা সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব করছেন। তাঁদের কারও বিরুদ্ধে এ পর্যন্ত দুর্নীতির অভিযোগ ওঠেনি। এ-জাতীয় প্রতিবেদন আন্তর্জাতিক মহলে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি এই বাহিনী সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি করবে বলে তিনি উল্লেখ করেন।ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মীর শহিদুল ইসলাম, যুগ্ম কমিশনার (প্রটোকল) হুমায়ুন কবির, যুগ্ম কমিশনার (ট্রাফিক) সফিকুর রহমান, পুলিশের উপকমিশনার (ডিবি, দক্ষিণ) মনিরুল ইসলাম প্রমুখ।শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া: শিক্ষা খাতে দুর্নীতি ও অনিয়মের পরিমাণ কমে আসার খবরে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রতিবেদন সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি শিক্ষা খাতে দুর্নীতি ও অনিয়ম বন্ধে বিভিন্ন পদক্ষেপ নেন। এসব উদ্যোগের ফলে শিক্ষায় দুর্নীতি কমে আসার যে চিত্র বেরিয়ে এসেছে, তা অযৌক্তিক নয়। তিনি বলেন, শিক্ষা খাতে দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত থাকবে।