পুলিশ ও বিচার বিভাগের তদন্ত কমিটির কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে পুলিশের হাতে বিচারক লাঞ্ছিত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় ও পুলিশ প্রশাসনের দুটি তদন্ত কমিটি গতকাল মঙ্গলবার থেকে কাজ শুরু করেছে।এদিকে ছুটি শেষে গতকাল কর্মস্থলে যোগ দিয়েছেন জেলা ও দায়রা জজ মো. শাহজাহান। তিনি সকাল ১০টার দিকে নিজের অফিসকক্ষে সব বিচারককে নিয়ে সভা করেন। দায়রা জজ সবার কাছ থেকে ঘটনা শোনেন এবং পরবর্তী অবস্থা সম্পর্কে খোঁজ নেন। এতে দুপুর ১২টা পর্যন্ত আদালতে বিচারকাজ বন্ধ ছিল। এরপর আদালতের সব কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়।গত রোববার নরসিংদী জেলা জজ আদালতের মূল ফটকে যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ইমান আলী শেখকে পেটায় পুলিশ। ওই ঘটনায় সোমবার চার পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হলে নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন এবং জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিহাবুল ইসলামকে দায়িত্ব দিয়ে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলেন। অন্যদিকে জেলা পুলিশ প্রশাসন থেকে পাঁচ দিনের সময় বেঁধে দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) মো. মোকলেছুর রহমানকে প্রধান করে আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়।বিচারিক হাকিম শিহাবুল ইসলাম গতকাল পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। আজ বুধবার সকাল সাড়ে নয়টা থেকে দিনব্যাপী সাক্ষ্য নেওয়া হবে বলে জানা গেছে।পুলিশ প্রশাসনের তদন্ত কমিটি সূত্রে জানা যায়, গতকাল সকাল থেকে কমিটির তিন সদস্য তদন্ত শুরু করেন। তাঁরা রোববার আদালতের মূল ফটকে দায়িত্বরত পুলিশ সদস্য, প্রত্যক্ষদর্শীসহ প্রায় ৩০ জনের সাক্ষ্য নেন।কমিটির সদস্যরা দুপুরে লাঞ্ছনার শিকার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ইমান আলীর সাক্ষ্য নিতে তাঁর অফিসে যান। ওই সময় বিচারক কমিটির সদস্যদের কাছে ঘটনা সম্পর্কে বলতে অপারগতা প্রকাশ করে বলেন, পরবর্তী সময়ে জানবেন।তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মোখলেছুর রহমান বলেন, ‘রোববারের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তবে কী কারণে, কীভাবে এবং কাদের মাধ্যমে এ ঘটনা ঘটেছে, এই প্রশ্নগুলো সামনে রেখে তদন্ত চলছে। পাশাপাশি বিচারকের সঙ্গে বাগিবতণ্ডা হওয়া পুলিশ সদস্যের আচরণ কেমন ছিল, অন্য পুলিশ পরিচয় জেনে নাকি হুজুগে ওই ঘটনা ঘটিয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে। আশা করছি, নির্দিষ্ট সময়ের মধ্যেই তদন্তকাজ শেষ করা সম্ভব হবে।’