পুলিশ ও বিজিবির সদস্যদের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, কোনো ঘটনা ঘটলে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন গোষ্ঠী নিজেদের অবস্থান সুদৃঢ় করতে নানা অশুভ প্রতিযোগিতায় লিপ্ত হয়।
অপরদিকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সহিংস ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তি না হওয়ার কথা উল্লেখ করে বলেন, অপরাধীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। তাদের শাস্তি না হওয়া মানে অপরাধকে প্রশ্রয় দেওয়া।
গতকাল মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় মানবাধিকার কমিশন ও আন্তর্জাতিক শ্রম সংস্থার যৌথ আয়োজনে ‘বাংলাদেশের নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের মানবাধিকার’ বিষয়ের ওপর পুলিশ ও বিজিবির সদস্যদের দুই দিনব্যাপী আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে দীপংকর তালুকদার ও মিজানুর রহমান এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দূরত্ব কমিয়ে আনা ও পারস্পরিক আস্থা-বিশ্বাস স্থাপন জরুরি। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেশের বিভিন্ন স্থানে কর্মরত পাহাড়ি পুলিশ সদস্যদের পার্বত্য জেলায় বদলি করে মিশ্র পুলিশ বাহিনী গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেটা নিয়েও অনেকে নানা অপপ্রচার ও হইচই করছেন।’
সভাপতির বক্তব্যে মিজানুর রহমান বলেন, ‘আদিবাসীদের প্রথাগত আইন, রীতিনীতি খুবই গুরুত্বপূর্ণ। তাই আইন প্রয়োগের ক্ষেত্রে এ বিষয়টিকে আমলে আনতে হবে।’
তিনি বলেন, ‘দেশের মূল স্রোতের মানুষের পার্বত্য চট্টগ্রামের জমি ক্রয়ের অধিকার না থাকা মানবাধিকার ও সংবিধান লঙ্ঘন নয়। কারণ, আদিবাসীদের সঙ্গে ভূমির রয়েছে নাড়ির সম্পর্ক। তাদের জমি হারিয়ে যাওয় মানে অস্তিত্ব বিলুপ্ত হওয়া। তাই আদিবাসী অঞ্চলে এ ব্যবস্থা করা যায়।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল ও পুলিশ সুপার আমেনা বেগম। প্রশিক্ষণে পুলিশ ও বিজিবির অর্ধশতাধিক সদস্য অংশ নিচ্ছেন।