পুলিশ ও ভূমিদস্যুরা হত্যায় জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিহীন ও কৃষকনেতা সাইফুল্লাহ লস্কর হত্যাকাণ্ডে তৎকালীন পুলিশ সুপার (এসপি) এস এম মনিরুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান, কাটিয়া পুুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (এএসপি) সামছুল আলম জড়িত বলে অভিযোগ তোলা হয়েছে। সাইফুল্লাহ লস্করের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে গতকাল রোববার বেলা ১১টায় ভূমিহীন সমিতি ও সাইফুল্লাহ লস্কর হত্যার বিচার বাস্তবায়ন কমিটির আয়োজনে ওই সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুুর রহিম। এতে বক্তারা আর অভিযোগ করেন, হত্যায় জড়িত ভূমিদস্যুরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে প্রমাণ করুক তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারে আগ্রহী। সভা থেকে খাসজমি ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেওয়াসহ ১৩ দফা প্রস্তাব পেশ করা হয়। একই সময় নিউমার্কেট এলাকায় শহীদ আলাউদ্দিন চত্বরে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটি এক সভা করে। সভা থেকে সাইফুল্লাহ লস্করের খুনিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। সমিতির সভাপতি শ্যামল কুমার ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর হোসেন। ২০০৯ সালের ৪ ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা সাতক্ষীরা শহরের লস্করপাড়ায় হত্যা করে সাইফুল্লাহ লস্করকে।