বিএনপিদলীয় সাবেক সাংসদ ইলিয়াস আলীকে উদ্ধারে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাবসহ বিভিন্ন সংস্থা একসঙ্গে কাজ করছে। গতকাল বুধবার রাতে ইলিয়াস আলীর বনানীর বাসায় গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ কথা বলেন।গতকাল বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ বিএনপির নেতা ইলিয়াস আলীর বাসায় গিয়ে তাঁর স্ত্রী তাহিসনা রুশদীরের সঙ্গে কথা বলেন। তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে বলেন, ইলিয়াস আলীর মতো নেতার ক্ষেত্রে এমন ঘটনা দুঃখজনক। পুলিশ ও র্যাবসহ বিভিন্ন সংস্থা তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। তাঁকে উদ্ধারে বিভিন্ন সংস্থার অভিযান চলছে। প্রায় ২২ ঘণ্টা পার হলেও ইলিয়াস আলীর সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ক্ষোভ প্রকাশ করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। এর আগে বিএনপির সাত সাংসদসহ কয়েকজন র্যাব-১-এর কার্যালয়ে যান। র্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘শোনা যাচ্ছিল, ইলিয়াস আলী র্যাব-১-এর কাছে রয়েছে। তাই আমরা এখানে এসেছি। তবে তারা অস্বীকার করেছে।’ র্যাব-১-এর পরিচালক রাশিদুল হাসান বলেন, ‘তাঁদের ধারণা ছিল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনা ঘটাতে পারে। আমরা তাঁদের বলেছি, এটা ঠিক নয়। র্যাব ঘটনা তদন্তে নেমেছে। ইলিয়াস আলীর কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক শত্রু রয়েছে কি না, এসব বিষয়ে র্যাবকে তথ্য দিয়ে সাহায্য করতে আমরা তাঁদের বলেছি।’