পুলিশ ও শিক্ষার্থীসহ সাতজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় গ্যাসের সিলিন্ডারবাহী পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও চার জেলায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী ও পুলিশ সদস্যসহ পাঁচজন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে গত ১১৭ দিনে দেশের বিভিন্ন জেলায় সড়কে প্রাণ গেল ১০২১ জনের।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদন ও প্রতিনিধিদের পাঠানো খবর:

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের কুমিল্লার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ বাজারে গ্যাস সিলিন্ডার বহনকারী পিকআপ ভ্যান ও মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন দেবীদ্বারের ভূষণা গ্রামের তোফাজ্জল হোসেন ওরফে আবুল (৩৫) ও বালিবাড়ি গ্রামের মো. সালাউদ্দিন ফকির (২৪)। বুধবার রাতের এ দুর্ঘটনায় নিহত দুজনই ছিলেন ওই পিকআপের আরোহী।

দিনাজপুরের নবাবগঞ্জে বুধবার রাতে ট্রাকের ধাক্কায় গাইবান্ধার পলাশবাড়ী থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফজির আহমেদ (৩৫) নিহত হয়েছেন। ফজির আহমেদ তাঁর গ্রামের বাড়ি দিনাজপুর থেকে মোটরসাইকেলে কর্মস্থল পলাশবাড়ী থানায় যাওয়ার পথে পেছন থেকে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির পর রাতেই তিনি মারা যান।

যশোরের চৌগাছার পাতিবিলা এলাকায় গতকাল সকালে চৌগাছা-কোটচাঁদপুর সড়কে ট্রাকের চাপায় স্কুলছাত্রী তন্মিমা খাতুন (১৫) নিহত হয়েছে। সে পাতিবিলা হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। প্রাইভেট পড়ে বাইসাইকেলে গ্রামের বাড়িতে ফিরছিল সে। পুলিশ ট্রাকচালক জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে।

গাজীপুরে গতকাল দুপুরে কালীগঞ্জ-টঙ্গী সড়কের কামারবাড়ী নামক স্থানে বালুবোঝাই ট্রাকের চাপায় শরীফুল ইসলাম ছোটন (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। শরীফুল কালীগঞ্জের তুমলিয়া গ্রামের হাবীবুর রহমানের ছেলে এবং এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন। বাইসাইকেলে দড়িপাড়া এলাকায় যাচ্ছিলেন তিনি। এ ছাড়া শ্রীপুরের জৈনাবাজারে দুই ট্রাকের সংঘর্ষে আফজাল হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তাঁর বাড়ি যশোরের কেতাবপুরের চিনাদোনা এলাকায়। গতকাল সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আফজাল ট্রাকচালক ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

গোপালগঞ্জ সদর উপজেলার কারারগাতী সাবেরা রউফ ফিলিং স্টেশনের সামনে বুধবার সন্ধ্যায় ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কে ট্রাকচাপায় নিহত হয়েছেন সাবেক ছাত্রদল নেতা শরীফুল আলম ওয়াসীম (৪২)। তিনি কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সোসাইটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার হরিদাসপুরে।