পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার জিয়ানগর এলাকায় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে চার পুলিশসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। পুলিশ এ কথা জানিয়েছে।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন মামলার আসামি নূর হোসেন ওরফে নূরুকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী মাদক উদ্ধারের জন্য কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল রাত ১১টার দিকে অভিযান শুরু করে। অভিযানে পুলিশ ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে নূর হোসেনের বাড়ি থেকে মাদক উদ্ধারের জন্য পুলিশ রওনা দেয়। একপর্যায়ে জিয়ানগর এলাকায় ওত পেতে থাকা সন্ত্রাসীরা নূর হোসেনকে ছিনিয়ে নেওয়ার জন্য গুলি চালায়। এ সময় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়। সন্ত্রাসীদের গুলিতে উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ও আমিনুল ইসলাম এবং কনস্টেবল আবদুল মতিন ও সবুজ আহত হন। এ সময় আসামি নূর হোসেনের ডান হাঁটুতে গুলি লাগে। পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, পুলিশ সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি সাটারগান ও একটি চাপাতি উদ্ধার করেছে। আহত চার পুলিশ সদস্যকে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নূর হোসেনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মো. মাইনউদ্দিন জানান, এ ঘটনায় দুটি মামলা হয়েছে। তিনি জানান, নূর হোসেনের বিরুদ্ধে মাদক, অপহরণ, হত্যাসহ সাতটি মামলা রয়েছে।