পুলিশ ও সরকার সমর্থকদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমিছিলে বাধা, গুপ্তহত্যা বন্ধ ও নেতা-কর্মীদের গ্রেপ্তার-হয়রানির প্রতিবাদে গতকাল শনিবার ঢাকাসহ সারা দেশের বিভিন্ন থানা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে দলটি। তবে কর্মসূচি পালনকালে কোথাও কোথাও পুলিশ ও সরকারদলীয়রা বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।বিএনপির দপ্তর থেকে বলা হয়েছে, ঢাকার বেশির ভাগ থানায় কর্মসূচি পালন করেছেন স্থানীয় নেতা-কর্মীরা। তবে কয়েকটি থানায় কর্মসূচি পালনে পুলিশ বাধা দিয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, সারা দেশে থানা, উপজেলা ও পৌরসভায় সমাবেশ বাধাগ্রস্ত করতে সরকারের নির্দেশে পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা একযোগে বিভিন্ন স্থানে ন্যক্কারজনক হামলা চালিয়েছে। রাজধানীর আসাদগেট, মিরপুর, পান্থপথসহ বিভিন্ন থানায় পুলিশ হামলা চালিয়েছে। এ ছাড়া ময়মনসিংহের তারাকান্দা থানা বিএনপির নেতা মোখলেসুর রহমান, নুরুল ইসলাম, ফুলপুর থানা ছাত্রদল নুরে আলম ও আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, নরসিংদী শহর বিএনপির নেতা সোহেল মিয়া, সদর উপজেলা ছাত্রদলের নেতা মো. রাজিব ও রাজিব আহমেদ, মাধবদী পৌর ছাত্রদলের নেতা শাহেদ, সুজন, আল আমীনসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ, নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার, মাহবুবুল হক, বেলাল আহমেদ, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মিলন মেহেদী প্রমুখ উপস্থিত ছিলেন।