পুলিশ কনস্টেবল এক মাস ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার কনস্টেবল মফিজউদ্দিন এক মাসের বেশি সময় ধরে নিখোঁজ। এ ঘটনায় তাঁর বাবা সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন। তবে পুলিশ এখনো কোনো যোগসূত্র পায়নি।
পুলিশ জানায়, মফিজউদ্দিনের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার দিখলিয়াকান্দির রংপুর গ্রামে। চার বছর ধরে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), সিদ্ধিরগঞ্জ, বন্দর এবং সর্বশেষ আড়াইহাজার থানায় দায়িত্ব পালন করেন তিনি। সিদ্ধিরগঞ্জের মুক্তিনগরের একটি বাড়িতে ভাড়া থাকতেন মফিজউদ্দিন। গত ১০ সেপ্টেম্বর ভোরে তিনি নিখোঁজ হন। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি। এ ঘটনায় প্রথমে সিদ্ধিরগঞ্জ থানায় ২৮ সেপ্টেম্বর সাধারণ ডায়েরি করা হয়। ১২ অক্টোবর মফিজ উদ্দিনের বাবা এ কে এম ফারুক মামলা করেন। মামলায় সজীব, শরীফ, মুক্তার হোসেন, সজীবের মা মরিয়ম বেগম, মামুনসহ কয়েকজনকে আসামি করা হয়। তাঁরা সবাই সিদ্ধিরগঞ্জের গোদনাইলের এসও রোড এলাকার বাসিন্দা। একসময় মফিজউদ্দিন এসও রোড এলাকায় ভাড়া থাকতেন।
মফিজউদ্দিনের বাবা জানান, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম গত মঙ্গলবার মামলার তদন্তের জন্য জেলা ডিবি পুলিশকে দায়িত্ব দিয়েছেন।
এত দিন মামলার তদন্তের দায়িত্বে থাকা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কে এম মনিরুজ্জামান চৌধুরী জানান, আসামিরা সবাই পলাতক। সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদ করেও কোনো যোগসূত্র পাওয়া যায়নি।