পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন
পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষায় কয়েকটি জেলার সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।
সংশোধিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট জেলার পুলিশ লাইনস মাঠে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সময়সূচি পরিবর্তন না করা জেলাগুলোতে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও দিনাজপুরে শারীরিক মাপ ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট আগামী ১৬ থেকে ১৮ নভেম্বর সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা হবে ১৯ নভেম্বর বেলা ২টায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ২৬ নভেম্বর সকাল ১০টায়। এর আগে শারীরিক মাপ ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্টের তারিখ নির্ধারণ করা ছিল ২ থেকে ৪ নভেম্বর। লিখিত পরীক্ষার তারিখ ৫ নভেম্বর এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার তারিখ ১২ নভেম্বর ছিল।
এ ছাড়া কুমিল্লা, রাঙামাটি, কুষ্টিয়া, মাগুরা, পিরোজপুর, সিলেট ও শেরপুরে তিন পরীক্ষার মধ্যে শুধু মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এ ক্ষেত্রে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর সকাল ১০টায়।
পুলিশ সদর দপ্তর জানায়, ঢাকা, মানিকগঞ্জ, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, বরিশাল ও মৌলভীবাজারে শারীরিক মাপ এবং ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট হবে ১৪ থেকে ১৬ নভেম্বর সকাল ৮টায়। লিখিত পরীক্ষা হবে ১৭ নভেম্বর বেলা ২টায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ২৪ নভেম্বর সকাল ১০টায়।
মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরগুনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, গাইবান্ধা, পঞ্চগড়, সাতক্ষীরা, মেহেরপুর ও পাবনায় তিন পরীক্ষার সময়সূচিতেই পরিবর্তন আনা হয়েছে। এসব জেলায় শারীরিক মাপ ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট হবে ১৪ থেকে ১৬ নভেম্বর সকাল ৮টায়। লিখিত পরীক্ষা ১৭ নভেম্বর বেলা ২টায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা ২৪ নভেম্বর সকাল ১০টায়। আগের তারিখ ছিল যথাক্রমে ১২ থেকে ১৪ নভেম্বর, ১৫ নভেম্বর ও ২২ নভেম্বর।