পুলিশ কনস্টেবল বাদল হত্যা তদন্তে অবহেলার অভিযোগ
পুলিশ কনস্টেবল বাদল মিয়া (২৫) হত্যার তদন্তে কোনো অগ্রগতি নেই। হত্যাকাণ্ডের পর এক মাসেও জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে পারেনি পুলিশ। বাদল মিয়ার পরিবারের অভিযোগ, তদন্তে অবহেলা করছে থানার পুলিশ। তবে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করে বলেছেন, খুনিদের শনাক্ত করা যায়—এমন কোনো সূত্র খুঁজে পাননি তাঁরা। এ কারণে তদন্তে বিলম্ব হচ্ছে। বাদল মিয়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে কোম্পানি-২-এ কর্মরত ছিলেন। গত ২১ ফেব্রুয়ারি রাত আটটা থেকে পরদিন সকাল আটটা পর্যন্ত শাহবাগের প্রজন্ম চত্বরে পুলিশের ক্লোজড সার্কিট ক্যামেরা নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল তাঁর। ওই দিন দুপুর ১২টার দিকে মতিঝিলের টিঅ্যান্ডটি উচ্চবিদ্যালয়ের সামনের সড়ক থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, তাঁকে শ্বাসরোধে হত্যার পর ট্যাক্সিক্যাবে করে কয়েকজন যুবক ওই সড়কে ফেলে চলে যান। এ ঘটনায় মতিঝিল থানায় একটি হত্যা মামলা করা হয়। বাদলের মুঠোফোন ও মানিব্যাগ খোয়া যাওয়ার কারণে প্রাথমিকভাবে পুলিশ সন্দেহ করছিল, এটা ছিনতাইকারীদের কাজ। তবে গণজাগরণ মঞ্চে দায়িত্ব পালন করা অবস্থায় খুন হওয়ার কারণে এ জন্য জামায়াত-শিবিরকেও সন্দেহের ভেতরে রাখেন তাঁরা। কিন্তু এখন পর্যন্ত সে ব্যাপারে কিছুই জানতে পারেনি পুলিশ। বাদলের ভাই ছগির হোসেন বলেন, ‘কনস্টেবল বলে তদন্তে পুলিশ অবহেলা করছে। না হলে এত দিনেও কেন ঘটনার কোনো কিনারা হলো না?’ মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার এসআই আউয়াল হোসেন বলেন, ‘আসলে আমরা ঘটনার কোনো ক্লু পাচ্ছি না। উদ্ঘাটনের চেষ্টা চলছে।’ এদিকে হত্যা-রহস্য উদ্ঘাটন, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে পুলিশের আইজির কাছে আবেদন করেছে বাদলের পরিবার। ১৬ মার্চ বাদলের স্ত্রী রুমা ইয়াছমিন এ আবেদন করেন। বাদলের পারিবারিক সূত্র জানায়, বাদল নিহত হওয়ার পর ১৩ মাসের সন্তান নিয়ে দুর্বিষহ জীবন কাটছে স্ত্রী রুমার। স্বামী মারা যাওয়ার পর বাসাবোর মাদারটেকের ভাড়া বাসা ছেড়ে তাঁরা উঠেছেন আত্মীয়ের বাসায়। রুমা বলেন, ‘আমার জীবনটা তো শ্যাষ হইয়া গেল। বাদল নাই, এখন চোখে-মুখে অন্ধকার দেখতাছি।’ছগির হোসেন বলেন, বাদলের দাফন-কাফনের জন্য পুলিশের কল্যাণ তহবিল থেকে কিছু টাকা দেওয়া হয়েছিল। এরপর আর কোনো সাহায্য মেলেনি। জানতে চাইলে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি-কল্যাণ) ফয়েজুর রহমান বলেন, পুলিশের কোনো সদস্য মারা গেলে কল্যাণ তহবিল থেকে তাঁর দাফন-কাফনসহ আনুষঙ্গিক বিষয় সম্পাদনের জন্য সাহায্য করা হয়। এরপর আর কোনো সহযোগিতার নিয়ম নেই।