কবিরাজ নান্নু মুন্সিকে হত্যা মামলায় পুলিশ কনস্টেবল শওকত আলীকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার পুলিশ পরিদর্শক তোফায়েল আহমেদ গতকাল বৃহস্পতিবার আসামিকে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আর জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। শুনানি শেষে মহানগর হাকিম আসাদুজ্জামান নূর জামিনের আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল আদালতে দেওয়া রিমান্ড প্রতিবেদনে বলা হয়, নান্নু মুন্সিকে হত্যার সঙ্গে পুলিশ কনস্টেবল শওকত জড়িত বলে প্রাথমিক তথ্য পাওয়া যাচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে এবং এ ঘটনার সঙ্গে আর কে জড়িত আছে, তা জানতে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
গত মঙ্গলবার সকালে পল্টন থানার পেছনে ট্রাফিক পুলিশ ভবনের ছাদ থেকে নান্নু মুন্সির মস্তকবিহীন লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া শওকতের তথ্য অনুযায়ী, বুধবার সকালের দিকে রাজারবাগ পুলিশ লাইনের একটি পুকুর থেকে মস্তকটি উদ্ধার করা হয়।