‘পুলিশ কন্ট্রাক্ট কিলিং (টাকা নিয়ে হত্যা) করে না’ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ।
গত শনিবার রাতে রাজধানীর মতিঝিলে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত মো. জাকির হোসেন (৩৫) ও রমজান আলীর (৩১) স্বজনেরা অভিযোগ করেন, তাঁদের প্রতিপক্ষরা ডিবিকে টাকা দিয়ে ওই দুজনকে হত্যা করিয়েছে। এ অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে গতকাল সোমবার সাংবাদিকদের কাছে উপরিউক্ত মন্তব্য করেন ডিএমপি কমিশনার। দুপুরে মতিঝিলে বিমান ভবনের সামনে ফরমালিনবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগানোর কার্যক্রম উদ্বোধন করেন বেনজীর আহমেদ। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় বন্দুকযুদ্ধের প্রসঙ্গ ওঠে। তিনি বলেন, ‘ছিনতাইকারীরা প্রকাশ্যে মানুষকে গুলি করে টাকা নিয়ে যাবে, আর আমরা হাত-পা গুটিয়ে বসে থাকব, তা হতে পারে না।’
পুলিশ বলছে, নিহত দুজন পেশাদার সন্ত্রাসী।
নিহতের পরিবারের অভিযোগ: রমজানের স্ত্রী নুসরাত জাহান গতকাল প্রথম আলোর কাছে দাবি করেন, রমজানের বিরুদ্ধে যত মামলা হয়েছে সবই সায়েদাবাদ বাস টার্মিনাল নিয়ে ‘ঝামেলার’ কারণে। তাঁর অভিযোগ, সায়েদাবাদ পরিবহন শ্রমিক লীগের এক নেতা ডিবিকে টাকা দিয়ে রমজানকে হত্যা করিয়েছেন। জাকিরকে নির্দোষ দাবি করে তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, ‘সে বাইচা থাকতে কোনো দিন কেস-মামলার কথা শুনি নাই। এখন পুলিশে কয়, সে নাকি ছিনতাইকারী। সব সাজানো।’
এঁদের অভিযোগ প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, নিহত ওই দুজনের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে। তাঁদের অবৈধ আয়ে সংসার চলত। এ কারণে পরিবারগুলো এ অভিযোগ তুলছে।