পুলিশ কমিশনারকে কারণ দর্শানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার একটি ছিনতাইয়ের মামলায় সাড়ে চার বছর ধরে তদন্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা সাক্ষ্য দিতে আদালতে হাজির হচ্ছেন না। তাঁদের আদালতে হাজির করতে গত বছরের ১৩ আগস্ট ও চলতি বছরের ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের মাধ্যমে সমন জারি করা হয়। কিন্তু সাক্ষীদের অবস্থান-সংক্রান্ত কোনো প্রতিবেদন এত দিনেও না দেওয়ায় সর্বশেষ ৬ সেপ্টেম্বর পুলিশ কমিশনারকে কারণ দর্শাতে বলেছেন আদালত।
২০০২ সালের ২০ নভেম্বর নগরের বাকলিয়া রাজাখালী এলাকায় হাফিজুর রহমান নামের এক ব্যক্তিকে কিলঘুষি মেরে ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর কর্মচারী আলী হোসেন বাদী হয়ে ওই দিনই বাকলিয়া থানায় দস্যুতার অভিযোগে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ এই মামলায় অভিযোগপত্র দিলে চার আসামির বিরুদ্ধে ২০০৫ সালের ২ মে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়।
গত ১১ বছরে এই মামলায় মোট ৯২ বার তারিখ পড়লেও মাত্র চারজনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সর্বশেষ এই মামলায় ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি সাক্ষ্য নেওয়া হয়। মামলার মোট সাক্ষী আটজন। পুলিশ সাক্ষী তিনজন। এর মধ্যে মাত্র একজন সাক্ষ্য দিয়েছেন। আজ মঙ্গলবার পঞ্চম যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস কে তোফায়েল হাসানের আদালতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।
মামলার চার আসামি আবদুল কাদের, মো. খলিল ও হোসাইন মো. মোরশেদ জামিনে গিয়ে পলাতক রয়েছেন। আরেক আসামি মো. আলম জামিনে রয়েছেন। মামলাটি গত ২১ আগস্ট প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত থেকে পঞ্চম যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আসে।
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আদালত থেকে কারণ দর্শানোর বিষয়টি তিনি জেনেছেন। ছিনতাই মামলার সাক্ষী পুলিশ কর্মকর্তাদের আদালতে হাজির করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এত বছর তাঁদের কেন হাজির করা যায়নি, সে বিষয়টি তাঁর জানা নেই।
মামলার তদন্ত কর্মকর্তা বাকলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) আবু জাহের বর্তমানে লক্ষ্মীপুরে হাইওয়ে পুলিশে কর্মরত। তিনি বলেন, সাক্ষ্য দিতে হাজির হতে তিনি এত বছরে একবারও সমন পাননি। কয়েক দিন আগে আদালতের প্রসিকিউশন শাখা থেকে ফোন পেয়েছেন। তিনি সাক্ষ্য দিতে আদালতে হাজির হবেন বলে জানান।
মামলার আরেক সাক্ষী বাকলিয়া থানার সাবেক এসআই বর্তমানে অবসরে থাকা নুরুল হক বলেন, তিনি কখনো সমন পাননি। প্রসিকিউশন শাখা থেকে ফোন পাওয়ায় পর কাল (আজ) সাক্ষ্য দেবেন।