চট্টগ্রামের ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার সকালে মহানগর পুলিশ কমিশনারের কাছে তাঁদের বিভিন্ন দাবিদাওয়া জানিয়ে স্মারকলিপি দিয়েছেন। অধ্যক্ষের অপসারণসহ ১১ দফা দাবিতে ছাত্রছাত্রী সংগ্রাম পরিষদের চলমান আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
১১ দফা দাবির মধ্যে অধ্যক্ষের অপসারণ, মাসিক বেতন কমানো, হলে বিশুদ্ধ খাবার সরবরাহ, ছাত্র মিলনায়তন তৈরি, শিক্ষক নিয়োগে আত্মীয়করণ বন্ধ করা উল্লেখযোগ্য। স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান, ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আশিকুন্নবী চৌধুরী, সংগঠনের আহ্বায়ক রাহুল বড়ুয়া, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হাসান, পিংকী সাহা, সুমাইয়া আলম, রিপা সরকার, জিন্নাত আরা প্রমুখ। পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম ছাত্রছাত্রীদের অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।