পুলিশ কমিশনারের সঙ্গে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের মতবিনিময়
রাজশাহী নগরে রিকশা ও অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা গতকাল শনিবার রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. সফিকুল ইসলামের সঙ্গে মতবিনিময় করে স্মারকলিপি দিয়েছেন।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে বেলা ১১টায় আয়োজিত এ মতবিনিময় সভায় পুলিশ কমিশনার পরিষদের নেতাদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। সেই সঙ্গে তিনি নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভার শুরুতে পরিষদের পক্ষে সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক জামাত খান বিভিন্ন দাবিসংবলিত স্মারকলিপি পুলিশ কমিশনারের হাতে তুলে দেন। এ ছাড়া পরিষদের বিভিন্ন সময়ের কার্যক্রম ও আন্দোলন-সংগ্রামের প্রমাণপত্র পুলিশ কমিশনারকে দেন। পরিষদের দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নগরে রিকশা ও অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ, অপরাধ দমন, ব্যবস্থাপত্র ছাড়া ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধ, মাদক নির্মূল, বিনোদনকেন্দ্রগুলোতে পুলিশের নজরদারি আরও বৃদ্ধি, রেলের টিকিট কালোবাজারে বিক্রি।