পুলিশ কমিশনারের 'বিলবোর্ড শুভেচ্ছা'য় নগরে সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে বিলবোর্ডে পুলিশ কমিশনারের ঈদ ও পূজার শুভেচ্ছা জানিয়ে টানানো হয়েছে ছোট-বড় নানা আকারের ফেস্টুন। ছবিটি গতকাল বিকেল চারটায় নগরের প্রবর্তক মোড় থেকে তোলা l প্রথম আলো
চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে বিলবোর্ডে পুলিশ কমিশনারের ঈদ ও পূজার শুভেচ্ছা জানিয়ে টানানো হয়েছে ছোট-বড় নানা আকারের ফেস্টুন। ছবিটি গতকাল বিকেল চারটায় নগরের প্রবর্তক মোড় থেকে তোলা l প্রথম আলো

বৈধ-অবৈধ বিলবোর্ডে ঢাকা পড়েছে বন্দরনগর চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। সেই সব বিলবোর্ডে ব্যানার টানিয়ে দিয়ে নগরবাসীকে ঈদ ও পূজার শুভেচ্ছা জানিয়েছিলেন নগর পুলিশের কমিশনার আবদুল জলিল মণ্ডল। ঈদ ও পূজা শেষ হলেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সরানো হয়নি বিলবোর্ডগুলো।
প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে পুলিশের উপমহাপরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তার এমন ‘শুভেচ্ছা’ জানানোর বিষয়টি নিয়ে নগরজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। বিলবোর্ডগুলোর পেছনে খরচ হওয়া টাকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।
সাধারণত কোনো উৎসবের আগে রাজনীতিবিদেরা শুভেচ্ছা জানিয়ে পোস্টার-ব্যানার তৈরি করেন। নগরের বিভিন্ন মোড়ে রাজনীতিবিদদের ঈদের শুভেচ্ছা জানানো দু-একটি বিলবোর্ড দেখা গেছে। আর পুলিশ কমিশনারের শুভেচ্ছা জানানো বিলবোর্ডের সংখ্যা হাজারের বেশি।
গতকাল সরেজমিনে দেখা গেছে, নগরের নিউমার্কেট, ওয়াসার মোড়, জমিয়াতুল ফালাহ ময়দান, টাইগারপাস মোড়, বহদ্দারহাটসহ ২৫টি জায়গায় ঘুরে পুলিশ কমিশনারের শুভেচ্ছা জানানো ব্যানার দেখা গেছে। এসব শুভেচ্ছা ব্যানারের অনেকগুলো সিটি করপোরেশনের অনুমোদিত বিলবোর্ডে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রদর্শিত বিজ্ঞাপনের ওপর লাগিয়ে দেওয়া হয়েছে।
কেবল বিলবোর্ডে নয়, নগরের বিভিন্ন সড়ক বিভাজকে যেসব ছোট বিলবোর্ড আছে, সেগুলোতেও সাঁটা হয়েছে পুলিশ কমিশনারের শুভেচ্ছার ব্যানার।
গত বুধবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চট্টগ্রামে এলে পুলিশ কমিশনারের শুভেচ্ছা ব্যানার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘অনুমোদন না নিয়ে লাগালে অবশ্যই অবৈধ। বিষয়টি আমি জানতাম না। যেহেতু অভিযোগ এসেছে, তাঁর (সিএমপি কমিশনার) সঙ্গে আলাপ করব।’
মন্ত্রী আরও বলেন, ‘এবার চট্টগ্রামে এসে মর্মাহত হলাম। বিলবোর্ডের কারণে চট্টগ্রামের প্রাকৃতিক রূপ দেখা যায় না।’
এ প্রসঙ্গে চট্টগ্রামের জ্যেষ্ঠ আইনজীবী আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ‘অবৈধ বিলবোর্ড উচ্ছেদে নগর পুলিশ কমিশনার হয়ে যেখানে সহযোগিতা করার কথা, সেখানে নিজেই অবৈধ বিলবোর্ডে শুভেচ্ছা জানিয়ে তাদের উৎসাহিত করেছেন। বিলবোর্ডে প্রচার চালিয়ে নয়, বাস্তবে সেবা দিয়ে পুলিশকে জনগণের বন্ধু হতে হবে।’
জানতে চাইলে বিলবোর্ড ব্যবসায়ীদের সংগঠন চিটাগাং আউটডোর অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদ মাহমুদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিলবোর্ডগুলোর ওপর ব্যানার লাগানোর আগে আমাদের জানানো হয়নি। কী আর করা। অস্থায়ীভাবে লাগিয়েছেন। হয়তো তুলে ফেলবেন।’
নগর পুলিশের কমিশনার আবদুল জলিল মণ্ডল এ প্রসঙ্গে গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামে সদ্য যোগদান করেছি। শুধু নগরবাসীকে শুভেচ্ছা জানাতে বিলবোর্ডগুলো টাঙানো হয়েছে। ঈদ ও পূজা শেষ হওয়ায় এগুলো তুলে ফেলা হচ্ছে।’
লাগানোর আগে বিলবোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে কি না, প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অস্থায়ীভাবে কয়েক দিনের জন্য লাগানো হয়েছে, তাই কাউকে জানানো হয়নি। আমি এখানে রাজনীতি করতে আসিনি। সৌজন্যতার খাতিরে করেছি।’ হাজার হাজার বিলবোর্ডের পেছনে খরচ হওয়া অর্থ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিএমপির নিজস্ব ফান্ড থেকে দেওয়া হয়েছে।’ তবে কত টাকা খরচ হয়েছে, তা জানাতে অস্বীকৃতি জানান সিএমপি কমিশনার।
নগরে বৈধ বিলবোর্ড রয়েছে ছয় হাজার ৪৫টি। সিটি করপোরশেনের তালিকাভুক্ত অবৈধ বিলবোর্ড রয়েছে ৩১২টি। তবে বাস্তবে অবৈধ বিলবোর্ডের সংখ্যা আরও বেশি।